সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের অনুসারী চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপির ১১২ জন নেতা-কর্মী জেলা অনুমোদিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা জানিয়েছেন। তাঁরা গতকাল শুক্রবার বেলা ১১টায় হাজীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অনাস্থার কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে উপজেলা ও পৌর বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ ছাড়াই আওয়ামী লীগের এজেন্ট হুমায়ুন কবির প্রধানকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও নাছির উদ্দিনকে পৌর বিএনপির আহ্বায়ক করে ৯১ সদস্যবিশিষ্ট করে দুটি কমিটি অনুমোদন দিয়েছেন। এ কমিটি অনুমোদনের পর আমরা জেলা বিএনপির সঙ্গে যোগাযোগ করে কোনো প্রতিকার পাইনি।’
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘এ সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটির ৫৭ জন ও পৌর কমিটির ৫৫ জন সদস্য আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা জানাচ্ছি। জেলা কমিটি এ অনাস্থা আমলে না নিলে আমরা আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেব।’
উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক আবু তাহের অভিযোগ করে বলেন, গত ৯ অক্টোবর জেলা বিএনপির আহ্বায়কের বাসভবনে কচুয়া বিএনপির নেতা-কর্মীদের মতবিনিময় সভার জন্য ডাকা হয়। ওই সভায় মিলনের পক্ষে কথা বলার কারণে জেলা আহ্বায়কের পেটোয়া বাহিনী তাঁদের সাত-আটজন নেতা-কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাঁরা প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার বলেন, গত ৯ আগস্ট বিএনপি যুগ্ম মহাসচিব মো. শাহজাহান স্বাক্ষরিত পত্রের নির্দেশনা অনুযায়ী কোনো এলাকার কমিটি গঠন বা পুনর্গঠন করতে হলে দলের স্থায়ী কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য, দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, স্থানীয় মেয়র ও উপজেলা চেয়ারম্যানের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক। এ ছাড়া বিগত আন্দোলন-সংগ্রামে মামলা-হামলার শিকার নেতাদের রাখার নির্দেশ রয়েছে। জেলা কমিটি উল্লেখিত শর্তগুলোর একটিও মানেনি।
সংবাদ সম্মেলনে অনুমোদিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পাঁচজন যুগ্ম আহ্বায়কসহ প্রায় অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কচুয়া উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান বলেন, ‘মিলন কচুয়ার বিএনপিতে শৃঙ্খলা চান না। বর্তমান কমিটিতে উভয় পক্ষের নেতা-কর্মীদের রাখা হয়েছে। আমাদের আহ্বায়ক কমিটি সম্পর্কে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অবগত আছেন।’