জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদককে বহিষ্কার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম ওরফে সোহা ও সাধারণ সম্পাদক এনামুল হক ওরফে রুবেলকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ আওয়ামী লীগের নেতারা। গত বৃহস্পতিবার তাঁরা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সাদিকুল ও এনামুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে স্থানীয় সাংসদ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম ওই লিখিত অভিযোগ দেন। এতে সই করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুলতানুল আজম খান, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আরশেদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহা, জেলা চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি আবু বকর সিদ্দিক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক খানসহ অনেকে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ৩০ নভেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। সম্মেলনের তিন দিন পর সভাপতি পদে সাদিকুল ইসলাম ও সম্পাদক সাধারণ পদে এনামুল হকের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন।
গত সরস্বতী পূজা উপলক্ষে মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এনামুল হকের নির্দেশে পণ্ড করে দেওয়া হয় এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা দুই শিক্ষককে মারধর করেন। গত ৩১ মার্চ রাতে সাদিকুল ও এনামুলের নির্দেশে স্থানীয় মুকুল ফৌজ নামের একটি সংগঠনের মঞ্চ ভাঙচুর করে অনুষ্ঠান পণ্ড করে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পী বারী সিদ্দিকীকে লাঞ্ছিত করা হয়। একই দিন চাঁদা চেয়ে না পেয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় শুভযাত্রা পরিবহনের কাউন্টার ভাঙচুর করেন এনামুলের অনুসারী নেতা-কর্মীরা।
৮ এপ্রিল বালুমহাল ইজারার দরপত্র নিয়ে এনামুলসহ কয়েকজন নেতা-কর্মী জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার সার্ভেয়ার বশির আহমেদকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে এনামুলকে আসামি করে সদর থানায় মামলা করেন। ১৩ জুলাই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নিজাম উদ্দিন সড়কের ডক্টর ক্লিনিকের মালিক খায়রুল হাসানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এনামুল। চাঁদা না দেওয়ায় ওই চিকিৎসকের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় এনামুলসহ চারজনকে আসামি করে সদর থানায় মামলা করেন ওই চিকিৎসক।
এ ছাড়া গত কয়েক মাসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাজলক্ষ্মীসহ কয়েকটি হোটেলে পাঁচ লাখ টাকা চাঁদাবাজি করেন সাদিকুল ও এনামুল। সংগঠনের জেলা কমিটিতে অন্তর্ভুক্ত কয়েকজন ছাত্রের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নেন তাঁরা। ঈদুল ফিতরের আগের রাতে তাঁরা জেলা শহরের কয়েকটি বিপণিবিতান থেকে প্রায় এক লাখ টাকার জামাকাপড় জোর করে নিয়ে যান। এ ঘটনায় পোশাক ব্যবসায়ীরা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেকের কাছে লিখিত অভিযোগ দেন।
এনামুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর প্রতিপক্ষ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের ভুল বুঝিয়ে এসব অভিযোগ করিয়েছে। চাঁদাবাজির মামলা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিপক্ষ ওই চিকিৎসককে দিয়ে মিথ্যা মামলা করিয়েছিল। তবে আদালতে তিনি (চিকিৎসক) চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করায় মামলা নিষ্পত্তি হয়ে গেছে। বিপণিবিতান থেকে জোর করে জামাকাপড় নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগের ছেলেপিলেরা এসব নিয়েছিল। ঈদের পর টাকা পরিশোধ করে দিয়েছে।
সাদিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।
আওয়ামী লীগের সাবেক নেতা সুলতানুল আজম খান বলেন, সাড়ে সাত মাস হয়ে গেলেও সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি। তাঁদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সংগঠন এবং আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, তাঁদের (সাদিকুল ও এনামুল) অপকর্মে দলের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণে তাঁদের বহিষ্কার চেয়ে সভানেত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।