সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জেলা পরিষদ নির্বাচনকে নির্বাচন বলা যাবে কি না, এ নিয়ে আমার সন্দেহ রয়েছে। কেননা নির্বাচন মানে হলো চয়েস, বিভিন্ন বিকল্পের মধ্যে বেছে নেওয়া। এ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে প্রার্থী পছন্দের কোনো সুযোগ ছিল না। তাই এবার নির্বাচনের নামে ‘পাঁয়তারা’ হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুজন আয়োজিত ‘জেলা পরিষদ নির্বাচনচিত্র ও নবনির্বাচিত চেয়ারম্যানদের তথ্য পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন।
সুজন সম্পাদক আরও বলেন, নিকট অতীতের সব নির্বাচনে মনোনয়ন-বাণিজ্য হয়েছে, টাকার খেলা হয়েছে, কিন্তু এ নির্বাচনে সেগুলোর ষোলোকলা পূর্ণ হয়েছে। এ নির্বাচনে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না, আবার অনেক জনপ্রতিনিধিরা জানেও না যে তাঁরা কেন নির্বাচিত হলেন? তাঁদের দায়িত্বটাই বা কী? সব মিলিয়ে এটি একটি অথর্ব জেলা পরিষদ গড়ে তোলার ব্যবস্থা হয়েছে।’
লিখিত বক্তব্য সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, ‘বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তরের প্রতিষ্ঠান জেলা পরিষদ। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী গত বছরের ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটির নির্বাচন। সারা দেশের ৬৪টি জেলার মধ্যে তিনটি পার্বত্য জেলা ব্যতীত অবশিষ্ট ৬১টি জেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কুষ্টিয়া ও বগুড়া জেলায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়। ফলে এই পদে নির্বাচন অনুষ্ঠিত হয় ৫৯টি জেলায়। ২০০০ সালে প্রথম জেলা পরিষদ আইন প্রণীত হলেও আগে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। ওই আইনের আওতায় ২০১১ সালের ডিসেম্বর মাসে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়। ২০১৬ সালে আইনে সামান্য কিছু সংশোধনী এনে প্রথম জেলা পরিষদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা হয়। প্রণীত আইনের কিছু বিষয় সম্পর্কে বিশেষ করে সরাসরি জনগণের ভোটের পরিবর্তে নির্বাচকমণ্ডলীর ভোটে জেলা পরিষদের প্রতিনিধিদের নির্বাচিত করার বিধানটিকে আমরা সুজনের পক্ষ থেকে ইতিবাচকভাবে গ্রহণ করতে না পারলেও প্রথমবারের মতো নির্বাচনের মধ্য দিয়ে জেলা পরিষদ গঠনের উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছিলাম।’
নবনির্বাচিত ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দিলীপ কুমার সরকার বলেন, ‘নবনির্বাচিত ৫৯ জন চেয়ারম্যানের মধ্যে ৪৫ জনের (৭৬.২৭ %) জনের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। এসএসসি বা তার কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন রয়েছেন ৫ জন (৮.৪৭ %) জনের। ৪ জনের (৬.৭৭ %) শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম।’ পেশার ক্ষেত্রে দেখা যায়, নবনির্বাচিত ৫৯ জন চেয়ারম্যানের মধ্যে সর্বোচ্চ ৩৮ (৬৪.৪০ %) জন প্রার্থীর পেশা ব্যবসা, দ্বিতীয় সর্বোচ্চ ৮ (১৩.৫৫ %) আইনজীবী। অন্যান্য নির্বাচনের মত জেলা পরিষদ নির্বাচনেও ব্যবসায়ীদের প্রাধান্য লক্ষ করা যাচ্ছে।’
মামলাসংক্রান্ত বিষয়ে দিলীপ কুমার সরকার বলেন, ‘নবনির্বাচিত ৫৯ জন চেয়ারম্যানের মধ্যে ২ জনের (৩.৩৮ %) বিরুদ্ধে বর্তমানে, ১৫ জনের (২৫.৪২ %) বিরুদ্ধে অতীতে এবং ১ জনের (১.৬৯ %) বিরুদ্ধে উভয় সময়ে ফৌজদারি মামলা আছে বা ছিল। ৩০২ ধারায় অতীতে মামলা ছিল দুজনের (৩.৩৮ %) বিরুদ্ধে। এই দুজন হচ্ছেন মুন্সিগঞ্জের চেয়ারম্যান মো. মহিউদ্দিন এবং মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. গোলাম রসুল।’
প্রবন্ধে বলা হয়, ‘নবনির্বাচিত ৫৯ জন চেয়ারম্যানের মধ্যে ২২ জন (৩৭.২৮ %) বছরে ৫ লাখ টাকার নিচে আয় করেন। বছরে কোটি টাকার বেশি আয় করেন তিনজন (৫.০৮ %)। নয়জনের (১৫.২৫ %) সম্পদ পাঁচ লাখ টাকার নিচে। কোটির টাকার অধিক সমপদের মালিকও রয়েছেন নয়জন (১৫.২৫ %)। নবনির্বাচিত ৫৯ জন চেয়ারম্যানের মধ্যে মাত্র চারজন (৬.৭৭ %) ঋণ গ্রহীতা।’
দিলীপ কুমার সরকার বলেন, ‘সুজন মনে করে, জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনপদ্ধতি পরিবর্তন করা উচিত। স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটির জন্য নির্বাচকমণ্ডলী একেবারেই গ্রহণযোগ্য নয়। কেননা এই নির্বাচকমণ্ডলীকে সাধারণ ভোটাররা নিজ নিজ এলাকার বিভিন্ন স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন; অন্য কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি নির্বাচনে নির্বাচকমণ্ডলী হিসেবে কাজ করার জন্য নয়।’
সংবাদ সম্মেলনে সুজনের সহসম্পাদক জাকির হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।