জেলা পরিষদ নির্বাচনে চমক দেখাতে চান অন্য দুজনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত মাহফুজুর রহমান ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থী শেখ শামসুল আবেদীনকে ঘিরেই চলছে আলোচনা। তাঁদের জয়-পরাজয়কে ‘প্রেস্টিজ ইস্যু’ হিসেবে নিয়েছেন দ্বিধাবিভক্ত জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।

তবে চেয়ারম্যান পদে চমক দেখাতে চান অন্য দুই প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নেতা সোহরাব হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মামুন অর রশিদ। সোহরাব হোসেন বলেন, আওয়ামী লীগের হেভিওয়েট দুই প্রার্থীর রশি টানাটানির কারণে ভোটাররা তাঁকেই সমর্থন করবেন। সেই সঙ্গে বিএনপি-জামায়াত ঘরানার ভোটও পাবেন। একই আশা করছেন আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত মামুন অর রশিদ।

দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে সমর্থন চেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় সরকার বোর্ডে ছয়জন আবেদন করেন। শেষ পর্যন্ত দলীয় সমর্থন পান জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ শামসুল আবেদীন।

স্থানীয় কয়েক জন নেতা-কর্মী বলেন, চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দার ও চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে স্পষ্ট বিভাজন রয়েছে। মাহফুজুর রহমান হুইপের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

এদিকে শেখ শামসুল আবেদীনের মনোনয়ন জমা দেওয়ার দিন দলীয় বিভাজনের বিষয়টি আরও পরিষ্কার হয়। ওই দিন সাংসদ আলী আজগরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আলী আহমদ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ, জীবননগর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর ও ওবাইদুর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে জয়ী হয়েছিলেন। শেখ শামসুল আবেদীনের নির্বাচনী প্রচারণায় তাঁদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজাসহ দলের একটি অংশ রয়েছে মাহফুজুর রহমানের নির্বাচনী প্রচারণায়।

শেখ শামসুল আবেদীন বলেন, ‘স্থানীয় সরকারের এই নির্বাচনকে সরকার নির্দলীয় হিসেবে ঘোষণা করেছে। দলীয় সমর্থন পেয়েছেন আওয়ামী লীগ নেতা। আমি যুবলীগের কেন্দ্রীয় নেতা। যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সম্মতি নিয়েই ভোট করছি। আগের প্রশাসক দায়িত্বে থাকাকালে উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য দেখিয়েছেন। আমি জিতলে সুষম উন্নয়ন নিশ্চিত করব।’

মাহফুজুর রহমান বলেন, ‘আমি জেলা পরিষদের প্রশাসক থাকাকালে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। কোনো বৈষম্য নয়, সারা জেলায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। সে জন্য দল এবারও মনোনয়ন দিয়েছে। জয়ী হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।’

জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গে বলেন, যাঁরা সভানেত্রীর সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন, তাঁরা কেউ আওয়ামী লীগের হতে পারেন না। যাঁরা দলীয় প্রার্থীর বাইরে কাজ করছেন, কেন্দ্রের নির্দেশনা পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আজাদুল ইসলাম আজাদের বক্তব্য ব্যক্তিগত। মামুন অর রশিদ আওয়ামী লীগের কেউ নন।’