জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ
জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে গতকাল সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন।
বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মইদুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক। অন্যদিকে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খান আলতাফ হোসেন ভুলু পেয়েছেন ঘোড়া প্রতীক।
চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ৩৬ জন সাধারণ সদস্য ও ৪ জন সংরক্ষিত সদস্যের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
খুলনা: দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এবার নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন ও সাধারণ সদস্যপদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ আনারস, স্বতন্ত্র প্রার্থী অজয় সরকার চিংড়ি মাছ ও আলী আকবর শেখ কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন। তিনজনই নির্বাচনে আনাসর প্রতীক চেয়েছিলেন।
এ সময় সংরক্ষিত সদস্যপদে ১৬ মহিলা ও ৪৯ জন সাধারণ প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
নির্বাচনে ১৫টি ওয়ার্ডে ১৫টি ভোটকেন্দ্র থাকবে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৯৭০। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪১ জন ও নারী ২৩১ জন।
সাতক্ষীরা: চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ পেয়েছেন আনারস। আর বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।
নড়াইল: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ ৮১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। চেয়ারম্যান পদে সোহরাব হোসেন বিশ্বাস পেয়েছেন চশমা এবং সৈয়দ আইউব আলী পেয়েছেন আনারস প্রতীক। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।