জেলা পরিষদে সরাসরি নির্বাচন না হওয়া সংবিধানপরিপন্থী: ফখরুল
জেলা পরিষদে সরাসরি নির্বাচন না হওয়া সংবিধানের মূল চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে ২০-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, জেলা পরিষদের আসন্ন নির্বাচনে ২০-দলীয় জোট অংশ নেবে কি না, তা জোটের শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত নেবেন। আজকের বৈঠকে জেলা পরিষদ নির্বাচন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয় বলে জানান মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। তাদের দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, হবেও না। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকারি দল নির্বাচনের ফল তাদের পক্ষে নিয়েছে। বিরোধী দলের প্রার্থীরা জয়ী হওয়ার পরও হারিয়ে দেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেন, গত তিন মাসে ১৫১ জনকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। মানুষকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলা হচ্ছে। কোনো জবাবদিহি নেই।
বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানসহ শরিক দলগুলোর মহাসচিব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।