জেলা পরিষদে সরাসরি ভোট না হওয়া সংবিধান পরিপন্থী: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি ভোটের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন না হওয়া সংবিধানের মূল চেতনার পরিপন্থী বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে মির্জা ফখরুল এ কথা বলেন। এর আগে মির্জা ফখরুলের সভাপতিত্বে জোটের শরিক দলগুলোর মহাসচিবদের বৈঠক হয়। ফখরুল বলেন, বৈঠকে জেলা পরিষদ নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপি-জোট জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে কি না, তা জোটের শীর্ষ নেতারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী জেলা পরিষদ নির্বাচন কতটা সুষ্ঠু ও অবাধ হবে, তা নিয়ে বিএনপির শরিক দলগুলোর প্রায় সবাই সন্দিহান। তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন যে পদ্ধতিতে হতে যাচ্ছে, তা সংবিধানের মৌলিক বিষয়ের পরিপন্থী। এখানে একটি ‘ইলেক্টোরাল কলেজ’ তৈরি করা হয়েছে, শুধু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ব্যক্তিরা ভোটার হবেন। জনগণ প্রত্যক্ষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হবেন। কিন্তু দেশের সংবিধানে স্থানীয় সরকার বা জাতীয় সংসদ নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে করার কথা বলা আছে।

বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হয়নি, হবেও না। কারণ, এই কমিশনের কোনো মেরুদণ্ড নেই। ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলার অভিযোগপত্র নিয়ে র‌্যাব ও পুলিশের দুই ধরনের বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘কাকে বিশ্বাস করব?’