জেলা বিএনপির নেতাসহ ৭৯ জনের নামে মামলা আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাঁদের দোকানপাটে হামলা চালানোর অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আওয়ামী লীগের নেতা মো. ছামিদুল ইসলাম বাদী হয়ে গত মঙ্গলবার রাতে সদর থানায় মামলাটি করেন।

এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি এ ধরনের মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি বন্ধ ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সদর থানার পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে সদর উপজেলার বেতমারী ঘুঘুরকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে জঙ্গলদী দশআনি বাজারসংলগ্ন তিন রাস্তার মোড়ে বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী। অনুষ্ঠানে হযরত আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি ও উসকানিমূলক বক্তব্য দেন। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হযরত আলীর নির্দেশে ওই অনুষ্ঠানের সভাপতি মোশাররফ হোসেনসহ বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান এবং জঙ্গলদী দশআনি বাজার তিন রাস্তার মোড়ে অবস্থিত তাঁদের দোকানপাট ভাঙচুর করেন। এ ঘটনায় আওয়ামী লীগের আট নেতা-কর্মী আহত হন।

হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ অস্বীকার করে মো. হযরত আলী বলেন, ওই অনুষ্ঠানে তিনি কোনো উসকানিমূলক বক্তব্য দেননি এবং বিএনপি-আওয়ামী লীগের সঙ্গে কোনো মারামারিও হয়নি। তাঁদের ঈদ পুনর্মিলনীর স্থান থেকে অনেক দূরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটাকে পুঁজি করে আওয়ামী লীগের নেতারা মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করছেন।