জেলা বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা আহত ১০
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে আজ বৃহস্পতিবার সকালে পুলিশের লাঠিপেটা ও ব্যানার-ফেস্টুন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। র্যালি থেকে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমানসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মিছিলে অংশ নেওয়া কয়েকজন জানান, সকাল সাড়ে ১০টার দিকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ তাদের ব্যানার, ফেস্টুন ছিনিয়ে নেয়। তারপরও বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে যেতে চাইলে পুলিশ এলোপাতাড়ি লাঠিপেটা করে। এতে বিএনপির নেতা-কর্মীসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ র্যালি থেকে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান, ছাত্রদল নেতা কাওসার হোসেন, জনি ও মাসুদকে আটক করে। পরে ডিআইটি এলাকায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন বিএনপি নেতা আনোয়ার হোসেন, বদরুল আলম খসরু, জামাল উদ্দিন কালু, ভাসানী প্রমুখ।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়।
তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, ‘রাষ্ট্রে যখন গণতন্ত্র থাকে না, তখন পুলিশ প্রশাসন আওয়ামী লীগের পেটুয়া বাহিনী হয়ে কাজ করে। পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বেপরোয়া লাঠিপেটা করে। মিছিল থেকে চারজনকে আটক করে। অবিলম্বে আটক নেতা-কর্মীর মুক্তি দাবি করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দলটি মিছিলের অনুমতি নেয়নি।