জেলা যুবলীগের সভাপতি মজিদ সাধারণ সম্পাদক দেবাশীষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ পর ঠাকুরগাঁও জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়। উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
অন্যদিকে নয় বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন।
জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, নারী সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান, জেলা যুবলীগের সাবেক সভাপতি অরুণাংশু দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ।
আবদুল মজিদকে সভাপতি ও দেবাশীষ দত্তকে সাধারণ সম্পাদক করে জেলা যুবলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। কাউন্সিলরদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। আগামী এক মাসের মধে৵ তাঁদেরকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
সর্বশেষ ২০০৫ সালে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় গত মাসে ২২ মে সম্মেলনের তারিখ ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ।
অন্যদিকে নয় বছর পর আজ বুধবার ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৯ সালে সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির কমিটি গঠিত হয়েছিল। তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতি ও তৈমুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে বছরই পঞ্চম জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের পদ পান। এরপর থেকে তিনি ঢাকায় থাকতে শুরু করেন। ২০১১ সালের মার্চে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব নিযুক্ত করেন বেগম খালেদা জিয়া। পাঁচ বছর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের পর গত বছরের এপ্রিল মাসে ষষ্ঠ জাতীয় সম্মেলনের পর ভারমুক্ত হন মির্জা ফখরুল। মহাসচিবের দায়িত্ব পাওয়ার পরপরই তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে দিয়ে জেলার নেতাদের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। সেই পরিপ্রেক্ষিতে আজ ২৪ মে জেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
শহরের সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন উদ্বোধন করবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান।