জেলা সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীর অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির একাংশ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নড়াইল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়।

এতে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অশোক কুমার কুণ্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল খবির, পৌর বিএনপির সাবেক সভাপতি ইশতিয়াক হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, কৃষক দলের সাধারণ সম্পাদক নবীর হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে ওই দুই নেতার অপসারণ দাবি করে অভিযোগ করা হয়, গত মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নড়াইল জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতাদের বৈঠক ছিল। বৈঠকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, অনিন্দ্য ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতেই বিশ্বাস জাহাঙ্গীর আলম ও জুলফিকার আলীর নেতৃত্বে তাঁর অনুসারীরা জেলা কৃষক দলের সহসভাপতি স ম ইকরাম রেজাকে মারধর করেন। অশোক কুণ্ডুসহ আরও কয়েকজনকে গালাগাল করেন। এতে সভা পণ্ড হয়ে যায়।

লিখিত অভিযোগে বলা হয়, মূলত জেলা বিএনপির কমিটি পুনর্গঠন করতে এই বৈঠক ছিল। তাই বৈঠক পণ্ড করতেই তাঁরা এটি ঘটিয়েছেন। বিশ্বাস জাহাঙ্গীর আলম ঢাকায় থাকেন, নড়াইলে কোনো কর্মসূচিতে উপস্থিত থাকেন না। কিছুদিন আগে বিশ্বাস জাহাঙ্গীর আলমের ইন্ধনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে জেলা বিএনপির নেতা সরোয়ার রহমানকেও মারধর করা হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির কমিটি ভেঙে নতুন কমিটি গঠনেরও দাবি জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বাস জাহাঙ্গীর আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ছেলেপেলেরা জড়ো হয়েছিল। তর্কাতর্কি হয়েছে। আমরা তা সামাল দিয়েছি।’ তাঁর বিরুদ্ধে আনা অন্য অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা সভা মুলতবি করে পুনরায় সভা করবেন বলে ওই দিনের সভা শেষ করেন।