জেলা সহসভাপতির সঙ্গে তিন উপজেলা সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মিয়াজান আলী। তাঁর বিরুদ্ধে মাঠে আছেন দলটির আরও তিন প্রভাবশালী নেতা। তাঁরা দলের তিনটি উপজেলা কমিটির সভাপতি।
জেলা নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন মিয়াজান আলীর পেছনে রয়েছে। পাশাপাশি তিনি জেলা পরিষদের প্রশাসক (সদ্য পদত্যাগ) ছিলেন। সে বিবেচনায় তিনি বাড়তি সুবিধা পাচ্ছেন। কিন্তু দলটির নেতা অন্য তিন প্রার্থীও শক্তভাবে ভোটের মাঠে রয়েছেন। তাঁরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, মুজিবনগর উপজেলা সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস ও গাংনী উপজেলা সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান।
দলের কয়েকজন নেতা বলেন, অন্য তিন প্রার্থীকে বসিয়ে দেওয়ার ব্যাপারে দলীয় কোনো চাপ নেই। তাঁদের বিরুদ্ধে কেন্দ্র বা জেলা কমিটি থেকে ব্যবস্থা নেওয়া হবে—এমন কোনো ইঙ্গিতও নেই। ফলে ওই প্রার্থীরা নিজেদের মতো করে মাঠে নেমে পড়েছেন। বিশেষ করে নিজ এলাকার নেতা-কর্মীরা তাঁদের পক্ষে রয়েছেন। ফলে ভোট (নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোটার) ভাগাভাগি হয়ে যেতে পারে।
এর সুযোগ নেওয়ার অপেক্ষায় রয়েছেন দলনিরপেক্ষ একমাত্র প্রার্থী মো. হাবিবুর রহমান, যিনি পেশায় ব্যবসায়ী। বিশেষ করে জেলার মোট ১৮টি ইউনিয়নের মধ্যে ৫টিতে বিএনপিপন্থী চেয়ারম্যান রয়েছেন। ওই চেয়ারম্যান ও তাঁদের অনুসারীদের ভোট একটা ব্যবধান গড়ে দেবে।
সম্পদে এগিয়ে হাবিবুর, শিক্ষায় মিয়াজান: পেশায় আইনজীবী মিয়াজানের বিকম ও এলএলবি দুটি ডিগ্রিই আছে। ঠিকাদার গোলাম রসুল নবম শ্রেণি পাস ও কৃষক জিয়াউদ্দিন এইচএসসি পাস। এ ছাড়া এলএলবি পাস সাহিদুজ্জামান ও মাধ্যমিক পাস হাবিবুর দুজনই ব্যবসায়ী।
ব্যবসায়ী হাবিবুর শিক্ষায় পিছিয়ে থাকলেও সম্পদে পাঁচজনের মধ্যে তিনি সবার চেয়ে এগিয়ে। কোটিপতি হাবিবুরের নগদ ও ব্যাংকে আট কোটির বেশি টাকা আছে। আওয়ামী লীগের সমর্থন পাওয়া মিয়াজান আলীর নগদ ও ব্যাংক মিলিয়ে আছে ৪ লাখ ৯৫ হাজার টাকা। আরও আছে কৃষিজমি, বাড়ি, মোটরগাড়ি এবং নিজের ও স্ত্রীর ৪৫ ভরি সোনা।
গোলাম রসুল এবং তাঁর স্ত্রীর কাছে নগদ ৭০ হাজার টাকা আছে। কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকার পরিমাণ উল্লেখ করেননি তিনি। জিয়াউদ্দিন ও তাঁর স্ত্রীর কাছে নগদ ১ লাখ টাকা আছে। নিজের নামে ব্যাংকে আছে ৩০ হাজার টাকা। স্ত্রী ও নিজের সোনা আছে ২০ ভরি। কৃষিজমি আছে ২২ বিঘা। সাহিদুজ্জামান ও তাঁর স্ত্রীর কাছে নগদ ১৪ লাখ ১ হাজার টাকা আছে। ব্যাংকে নিজের নামে আছে ১ লাখ টাকা। দুজনের কাছে ৫০ ভরি সোনা ও উত্তরাধিকারসূত্রে পাওয়া ১০ বিঘা জমি আছে।
মিয়াজান ও হাবিবুরের নামে কোনো মামলা নেই। জিয়াউদ্দিনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হলেও পরে অব্যাহতি পান। গোলাম রসুলের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি ফৌজদারি মামলা ছিল। তিনটিতে অব্যাহতি পেয়েছেন। সাহিদুজ্জামান তিনটি ফৌজদারি মামলার আসামি হলেও সব কটিতে বেকসুর খালাস পেয়েছেন।
মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।