
জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ফরিদপুর, সাতক্ষীরা ও পটুয়াখালীতে একাধিক প্রার্থী গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: জেলা পরিষদ চেয়ারম্যান পদে বরিশালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন তিনজন। বিএনপি ও জাতীয় পার্টির কেউ এই নির্বাচনে অংশ নিচ্ছেন না।
গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগের দিন দলের পক্ষে মনোনয়ন পাওয়া ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ওরফে ভুলু মনোনয়নপত্র দাখিল করেন। এদিন বিদ্রোহী (স্বতন্ত্র) হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মাইদুল হোসেনও।
উল্লেখিত সবাই জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফরিদপুর: আওয়ামী লীগের প্রার্থীসহ তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া ১৫টি সদস্যপদের জন্য ৪১ ও ৫টি সংরক্ষিত মহিলা সদস্যপদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লোকমান হোসেন মৃধা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের আরেক সাবেক সহসভাপতি শামসুল হক। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে শহরের গ্রাসরুট কলেজ অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাতক্ষীরা: আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে বুধবার দুপুরে তিনি জেলা পরিষদের প্রশাসক পদ থেকে ইস্তফা দেন।
কেন্দ্রীয় সমর্থন বঞ্চিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। মনোনয়নপত্র দাখিলের আগে তিনি সাতক্ষীরার শহীদ রাজ্জাক পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, ভোটার, দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের জোর দাবির মুখে তিনি প্রার্থী হয়েছেন।
পটুয়াখালী: জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ জাহাঙ্গীর।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল কবীর জানান, চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া ১৫টি সাধারণ সদস্যপদে ৫১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৫টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী শনি ও রোববার মনোনয়নপত্র বাছাই এবং ১১ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ভোট গ্রহণ হবে ২৮ ডিসেম্বর।