জেলায় নেই, কোন্দল অধিকাংশ উপজেলায়
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগে কোনো কোন্দল নেই। কিন্তু উত্তর জেলার অধিকাংশ উপজেলাতেই দলটিতে আছে কোন্দল। কোনোটিতে দুই পক্ষ ও কোনোটিতে চার পক্ষ। আওয়ামী লীগে বিরোধের জের ধরে ফটিকছড়ি ও মিরসরাইয়ে ছাত্রলীগেরও পাল্টাপাল্টি কমিটি হয়েছে।
উত্তর জেলায় সাতটি উপজেলা, যার মধ্যে ফটিকছড়িতে দ্বন্দ্ব-কোন্দল সবচেয়ে তীব্র। সেখানে সর্বশেষ সম্মেলন হয়েছে ১২ বছর আগে। তবে রাউজান ও রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগে প্রকাশ্য কোনো বিরোধ নেই। এ দুই উপজেলায় যথাসময়ে সম্মেলন হয়েছে, কমিটি হয়েছে সাংসদদের মনোনীত ব্যক্তিদের নিয়ে। দলীয় সূত্র বলেছে, এ নিয়ে ভেতরে-ভেতরে চাপা ক্ষোভ রয়েছে। তবে জেলা নেতারা বলেন, উপজেলায় বিরোধ নয়, প্রতিযোগিতা আছে।
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, ‘আমাদের সাত উপজেলার ছয়টিতে সম্মেলন হয়েছে। চারটিতে নির্বাচনের মাধ্যমে কমিটি হয়েছে। রাউজান ও রাঙ্গুনিয়ায় সাংসদদের অনুরোধে সিলেকশনের মাধ্যমে কমিটি হয়।’
অবশ্য কমিটি হওয়া ছয় উপজেলার মধ্যে সন্দ্বীপের কমিটি ইতিমধ্যে তিন বছর মেয়াদ পার করেছে।
দলীয় সূত্র বলেছে, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর উপজেলা ফটিকছড়িতে দলে এখন চারটি পক্ষ। বিভক্তির কারণে এখানে সম্মেলন করা যায়নি। দলের প্রয়াত নেতা সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের জীবদ্দশায় এখানে দুটি পক্ষ ছিল। একটি রফিকুল আনোয়ারের, অন্যটি পেয়ারুল ইসলামের। রফিকুল আনোয়ারের মৃত্যুর পর তাঁর পরিবারেই আওয়ামী লীগের দুটি পক্ষ। একটি পক্ষে আছেন তাঁর ভাই উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার। আর অন্য পক্ষে রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার। পেয়ারুলের পক্ষও সক্রিয়। আরেকটি পক্ষ বর্তমান সাংসদ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর সঙ্গে যোগাযোগ রেখে চলে।
ফটিকছড়ি আওয়ামী লীগে কোন্দলের জেরে মাস দেড়েক আগে ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি হয়েছে। একটি পেয়ারুলের এবং অপরটি খাদিজাতুলের অনুসারী।
অবশ্য উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম বলেন, ‘দলে বিভেদ নেই, প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতার কারণে হওয়া ছাত্রলীগের দুই কমিটিকে আমরা একসঙ্গে বসে এক করে দিয়েছি।’
দলীয় সূত্র বলেছে, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সংসদীয় আসন মিরসরাই উপজেলায়ও কোন্দল প্রকাশ্য। একটি পক্ষ তাঁর সমর্থক। অন্যটির নেতৃত্বে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন। কোন্দলের কারণে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে উত্তরের সাতটির মধ্যে একমাত্র মিরসরাইয়েই চেয়ারম্যান পদে জেতেনি আওয়ামী লীগ। ওই নির্বাচনে তৎকালীন চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে দলীয় সমর্থন না দিয়ে দেওয়া হয়েছিল মন্ত্রীর অনুসারী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানকে। গিয়াস উদ্দিনও প্রার্থী হন। ফল—নির্বাচনে জয় বিএনপি-সমর্থিত প্রার্থীর। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গিয়াস। আর আতাউর রহমান হন তৃতীয়।
আতাউর রহমান বলেন, ‘আমাদের ঠেলাঠেলির কারণে এখানে বিএনপি নির্বাচিত হয়। গিয়াস ভাই আমার চেয়ে বেশি ভোট পেলেও দলে তাঁর গ্রহণযোগ্যতা নেই। এখনো এখানে দুই পক্ষ সক্রিয়। এই কারণে এখানে ছাত্রলীগ ও যুবলীগের পাল্টাপাল্টি কমিটি আছে।’
গিয়াস উদ্দিন যুক্তরাষ্ট্রে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে গিয়াস ভাইয়ের কিছুটা দূরত্ব রয়েছে। তবে এগুলো ঠিক হয়ে যাবে।’
সীতাকুণ্ডে আওয়ামী লীগের সাংসদ দিদারুল আলম ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের মধ্যে কোন্দল তুঙ্গে। উত্তর জেলা যুবলীগের সভাপতি আল মামুন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সাংসদ আবুল কাশেম মাস্টারের ছেলে।
সাংসদ দিদারুলের পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া ও তাঁর অনুসারীরা।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, ‘সন্দ্বীপে মিতার (মাহফুজুর রহমান) সঙ্গে টিটুর, সীতাকুণ্ডে দিদারের সঙ্গে মামুনের মাঝেমধ্যে গোলমাল হয়। আমি ডেকে এসব ঠিক করে দেই।’
দলীয় সূত্র বলেছে, সন্দ্বীপেও দলে দুটি পক্ষ। একটি উত্তর জেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাংসদ মাহফুজুর রহমান মিতার পক্ষ এবং অন্যটি উত্তর জেলা যুব ও ক্রীড়া সম্পাদক পৌর মেয়র মো. জাফরুল্লাহর পক্ষ। মেয়রের সঙ্গে আছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান।
সন্দ্বীপে উপদলীয় কোন্দলে গত ৩১ জুলাই মগধারায় ইউনিয়ন যুবলীগের নেতা মনিরুল আলম নিহত হন।
কোন্দলের বিষয়ে জানতে চাইলে মো. শাহজাহান বলেন, ‘এমপির সঙ্গে হয়তো স্নায়ুর দ্বন্দ্ব থাকতে পারে। তিনি রাজনীতিতে নতুন এসেছেন। কিছু লোকের প্রতি অনুরাগ-বিরাগ দেখাচ্ছেন। তবে আমাদের দৃশ্যমান কোনো বিরোধ নেই। ওই দিন যে মারা গেল সে সন্ত্রাসী। সে যুবলীগে আছে কি না, আমি জানি না।’ তিনি আরও বলেন, ‘সম্মেলনের প্রক্রিয়া আস্তে ধীরে শুরু হবে।’
সাংসদ মাহফুজুর রহমান বলেন, ‘আমি উপজেলা কমিটিকে নিয়ে কাজ করি। সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আর রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। কিছুটা ভুল বোঝাবুঝিও থাকবে মাঝেমধ্যে।’
হাটহাজারীতে দলের উত্তর জেলা সাধারণ সম্পাদক এম এ সালাম ও যুগ্ম সম্পাদক ইউনুচ গনি চৌধুরীর মধ্যে কিছুটা বিভেদ তৈরি হয়েছে। তবে এম এ সালাম বিভেদের বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, ‘রাজনীতিতে সবার মধ্যে কিছু প্রত্যাশা থাকে। তেমনই হয়তো উনিও (গনি) সক্রিয় আছেন। তবে কোনো দ্বন্দ্ব নেই।’ ইউনুচ গনি বলেছেন, ‘কোনো বিরোধ নেই। দুজনেই কাজ করছি। কে বেশি করছেন, সেটাই বিষয়।’