জেলা-উপজেলা সর্বত্র দুই সদস্যের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর সম্মেলন করে নেতৃত্ব নির্বাচনের কথা থাকলেও জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে এক যুগ পর। গত ২০ মে অনুষ্ঠিত এ সম্মেলনে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর আড়াই মাস পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। এখন তৃণমূল নেতা-কর্মীরা কমিটিতে স্থান পেতে জেলার প্রভাবশালী নেতাদের কাছে তদবিরে ব্যস্ত বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
অবশ্য কেবল জেলা নয়, উপজেলা কমিটিগুলোরও একই দশা। দুই সদস্যবিশিষ্ট কমিটি দিয়ে চলছে এখানকার আওয়ামী লীগের সব কটি কমিটি। দলীয় সূত্র জানায়, গত বছরের ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে ছয়টি উপজেলায় সম্মেলন করা হয়। এরপর গত আট মাসে কেবল একটি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। সেটি হলো ইসলামপুর উপজেলা। গত মাসের মাঝামাঝি এখানে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে।
এবারের আগে সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল ২০০৩ সালের ২৩ অক্টোবর। তখনো সরাসরি ভোটে নেতা নির্বাচন হয়নি। সমঝোতার ভিত্তিতে তখন মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতি ও ফারুক আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০০৬ সালের অক্টোবরে। ২০১১ সালে ওই কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ অসুস্থ হয়ে পড়লে ভারপ্রাপ্ত সভাপতি হন জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ।
এরপর চলতি বছরের ২০ মে সম্মেলনের অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। আগের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে ফারুক আহাম্মেদ চৌধুরী এই দুটি পদে আবার দায়িত্ব পান। এরপর থেকে এখন পর্যন্ত দুই সদস্যবিশিষ্ট কমিটি দিয়েই দল চলছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাতটি উপজেলায়ই সম্মেলন শেষ হয়েছে। উপজেলা থেকে পূর্ণাঙ্গ কমিটি পেয়েছি। অল্প কিছুদিনের মধ্যেই জেলাসহ সব কটি উপজেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি করা হবে।’
জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, জামালপুরে বরাবরই আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা ভালো ছিল। এখানে দলের ভেতর তেমন কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। এখানে দলীয় রাজনীতিতে প্রতিমন্ত্রী মির্জা আজমের একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠিত হয়েছে। মন্ত্রিত্ব হারানোর পর সদর আসনের সাংসদ (জামালপুর-৫) রেজাউল করিম হীরা ও জামালপুর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদের প্রভাব দলীয় রাজনীতিতে অনেক কমে গেছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ বলেন, প্রতিমন্ত্রী মির্জা আজমের নেতৃত্বে দলের সর্বস্তরের নেতা-কর্মী ঐক্যবদ্ধ।