জোর প্রচারণায় নারীরাও
নড়াইলের তিন উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে পুরুষদের পাশাপাশি নারী প্রার্থীরাও জোর প্রচারণা চালাচ্ছেন। দিনভর বাড়ি বাড়ি গিয়ে তাঁরা ভোট চাইছেন।
তিন উপজেলার ৩৯টি ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউপিগুলোতে ভোট ২৩ এপ্রিল।
শেফালী বেগম সদর উপজেলার শিংগাসোলপুর ইউপির সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে তিনবার মহিলা সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি নির্বাচন করছেন। শেফালী বেগম বলেন, সকাল আটটায় প্রচারণায় বের হয়ে রাত নয়টায় তিনি বাড়ি ফিরছেন।
কালিয়া উপজেলার বাঐসোনা ইউপিতে ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিসেস জোছনা বেগম মোটরসাইকেলের পেছনে চেপে গ্রামে গ্রামে ভোটারদের কাছে ছুটছেন। বাড়ির ফটকের সামনে তোরণ নির্মাণ করে ভোটারদের আকৃষ্ট করতে সেখানে রঙিন পোস্টারও টাঙিয়েছেন। তিনি নারীশিক্ষা, নারীস্বাস্থ্য, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধের বিষয়গুলো সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন। শাহাবাদের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী লক্ষ্মী রানী এলাকার মানুষের আর্থিক সহযোগিতায় নির্বাচন করছেন। অর্থের অভাবে হেঁটে পাড়া-মহল্লায় গিয়ে উঠান বৈঠক করছেন।
সদর উপজেলার ভোটার কবিতা বিশ্বাস বলেন, পুরুষ হোন আর মহিলা; যোগ্য ও সৎ মানুষের জন্য কাজ করবেন—এমন প্রার্থীকেই তাঁরা ভোট দেবেন।