জোড়া খুনের মামলার আসামিরা বড় পদে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষ হওয়ার মাত্র দুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল গত বছরের ২০ জুলাই। দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের কারণে পাঁচ মাস আগে সেই কমিটিও স্থগিত করা হয়।
২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পাওয়া নেতাদের মধ্যে সভাপতি, সহসভাপতিসহ চারজন চট্টগ্রামের সিআরবির জোড়া খুন মামলার আসামি। সাধারণ সম্পাদকসহ সাতজন বিস্ফোরক মামলার আসামি। নারী নির্যাতন মামলার আসামি এক ছাত্রও কমিটিতে ঠাঁই পেয়েছেন। ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হওয়া ছাত্রও জায়গা পেয়েছেন কমিটিতে। অস্ত্র মামলার আসামি সাতজন। এ রকম মোট ২৩ জন কোনো না-কোনো ফৌজদারি মামলার আসামি এই কমিটিতে রয়েছেন।
২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় রেলওয়ের দরপত্র জমা নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হন। আর ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এ ঘটনায় হাটহাজারী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের অনুমোদনের পর গতকাল সোমবার সকালে ২০১ সদস্যের নাম প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর পদবঞ্চিত এবং প্রত্যাশিত পদ না পেয়ে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তাঁরা দুপুরে কিছু সময়ের জন্য বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেন আটকে রাখেন। এ ছাড়া তাঁরা ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। ৪৮ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিলের দাবি জানান ক্ষুব্ধ নেতা-কর্মীরা।
গণমাধ্যমে পাঠানো ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার রাতে ২০১ সদস্যের কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
ছাত্রলীগ ও পুলিশের একটি সূত্র জানায়, কমিটির সভাপতি আলমগীর টিপু সিআরবির জোড়া খুনের আসামি। এ ছাড়া সহসভাপতি মো. জমির উদ্দিন ও কামরুল হাসান রায়হান এবং দপ্তর সম্পাদক রায়হান মাহমুদ এই মামলার আসামি।
জানতে চাইলে সহসভাপতি মো. জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি জোড়া খুনের সময় ঘটনাস্থলে ছিলেন না। তবু তাঁকে আসামি করা হয়েছে। কামরুল ও রায়হানও জোড়া খুনের আসামি। রাজনৈতিক কারণে তাঁদের এই মামলায় আসামি করা হয় বলে জমির দাবি করেন।
ছাত্রলীগের কয়েকজন নেতা বলেন, কমিটির সহসভাপতি এস এম আলাউদ্দিন ও সৌমেন দাশ জুয়েল এবং যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ সজল বিস্ফোরক মামলার আসামি। সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা লাগানোর কারণে সৌমেন দাশকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল।
জানতে চাইলে সৌমেন দাশ বলেন, ‘বিস্ফোরক মামলায় আমি হাইকোর্ট থেকে জামিন পেয়েছি। ২০১৪ সালের সেপ্টেম্বরে মামলাটি হলেও আমার কোনো সম্পৃক্ততা ছিল না। ২০১৩ সালে সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা লাগানোর সময় আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম। এ কারণে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশের কোনো মেয়াদ ছিল না। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অভিযোগের সত্যতা পায়নি। ফলে সেই আদেশ অকার্যকর।’
এস এম আলাউদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে করা ২০১৪ সালের বিস্ফোরক মামলাটি ষড়যন্ত্রমূলক। সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছি। অস্ত্র মামলা থেকেও পুলিশ তদন্তের পর অব্যাহতি দিয়েছে।’
আরেক সহসভাপতি মো. রাকিব উদ্দিনের বিরুদ্ধে ২০১৪ সালের নভেম্বরে এক কলেজছাত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় করা মামলায় তিনি কিছুদিন জেল খাটেন। পরে তাঁকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল।
জানতে চাইলে মো. রাকিব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির ভিডিও আমার এক বড় ভাই ফাঁস করেছিলেন। ওই ঘটনায় আমাকে পুলিশ গ্রেপ্তার করে। পরে পারিবারিকভাবে বিষয়টির মীমাংসা হয়। আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই।’
নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান ও উপসম্পাদক নিয়াজ উদ্দিন অস্ত্র মামলার আসামি বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন। এর মধ্যে নিয়াজের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ আরমান প্রথম আলোকে বলেন, ‘গত বছরের নভেম্বরে আমি ও আবু তোরাব ভাই একটি অস্ত্র মামলার আসামি হই। ওই মামলা থেকে আমি পুলিশি তদন্তে অব্যাহতি পেয়েছি। তোরাব ভাই ওই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন কি না জানি না।’
এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার পর ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি অংশ গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিলের জন্য সময়সীমা বেঁধে দেন। তাঁদের দাবি, সংগঠনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে শিবির ও ছাত্রদলের কর্মীদের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। কমিটি বাতিল করা না হলে ক্যাম্পাস অচল করে দেওয়ারও হুমকি দেন তাঁরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কমিটির সহসভাপতি মো. মামুন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের নেতা আবদুল মালেক, রেজাউল করিম প্রমুখ।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন ভাইয়ের তালিকা থেকে ২০১ সদস্যের কমিটি কেন্দ্র ঘোষণা করে। এতে পদবঞ্চিত কিছু ছেলের আপত্তি থাকলেও কিছু করার নেই।’
নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা সম্পর্কে সভাপতি বলেন, রাজনীতি করলে মামলা হবেই। এটা মেনে রাজনীতি করতে হয়।