জোট করেছি, জোট আছে, থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে সরে যাওয়া এবং ২০-দলীয় জোটে ভাঙন বা কোনো দলকে বিএনপিতে একীভূত করার খবরে শরিকদের গুরুত্ব না দিতে বলেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার রাতে জোটের বৈঠকে শরিক দলের নেতারা এ তিনটি প্রসঙ্গ তুললে তিনি এসব কথা বলেন।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, বিএনপির নেতা শাহজাহান ওমর ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদের দুটি বক্তব্য উদ্ধৃত করে শরিক দলের একজন নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও জোট নিয়ে তাঁরা বক্তব্য দিয়েছেন। এ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আমি পরিষ্কার করেছি। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাব না। আর জোটে ভাঙন নিয়ে কে কী বলল, তাতে কিছু যায় আসে না। আমরা জোট করেছি। জোট আছে, থাকবে।’ তিনি বলেন, ‘আমরা দল গোছাচ্ছি, আপনারাও নিজেদের দল গোছান। আন্দোলনের প্রস্তুতি নিন।’
খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গতকাল রাত পৌনে নয়টা থেকে সোয়া ১০টা পর্যন্ত এ বৈঠক হয়। দেড় ঘণ্টার বৈঠকে একের পর এক ব্লগার হত্যা, নারী ও শিশুদের হত্যা, ধর্ষণ, হিন্দুদের জমিজমা দখল এবং দৈনিক জনকণ্ঠর আদালত অবমাননার রুলের ঘটনা নিয়ে আলোচনা হয়। জনকণ্ঠর ঘটনা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘অরাজকতা আজ কোথায় পৌঁছেছে।’
বৈঠকে বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার একান্ত বৈঠকের আলোচনার প্রসঙ্গ তোলেন। খালেদা জিয়া বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়েছে। ভোটারবিহীন নির্বাচন, দেশে গণতন্ত্রহীনতাসহ সামগ্রিক পরিস্থিতি আলোচনায় এসেছে।
জানতে চাইলে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, ‘বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি ও প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তবে বিএনপির চেয়ারপারসনের লন্ডনযাত্রার আগে এ বৈঠকের গুরুত্ব হচ্ছে, আমরা ঐক্যবদ্ধ।’
বৈঠক শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ সাংবাদিকদের বলেন, বৈঠকের আলোচনার বিষয় ব্রিফিং করে জানানোর সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ব্রিফিং করা হবে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে এলডিপির অলি আহমদ, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, জাগপার শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।