জোট নেতাদের বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি প্রতিমন্ত্রীর
যে এলাকায় গাড়িতে আগুন দেওয়া হবে, সে এলাকার জোট নেতাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান। গতকাল শনিবার চট্টগ্রামে পরিবহন মালিক-শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান বলেন, ‘যে এলাকায় আমাদের শ্রমিক নিহত হবে, যে এলাকায় আমাদের গাড়িতে আগুন দেবে আমরা সে এলাকায় সেসব নেতা যারা অবরোধের ডাক দিয়েছে তাদেরকে আমরা একই অবস্থা করব অথবা বাড়িঘর পুড়িয়ে দেব। তাহলে আর কেউ গাড়ি পোড়াতে আসবে না।’
অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী অভিযোগ করেন, ২০ দল প্রতিপক্ষ হিসেবে পরিবহন খাতকে বেছে নিয়েছে। তারা গাড়ি পুড়িয়ে দিচ্ছে। পরিবহনশ্রমিকদের আগুনে দগ্ধ করছে। পরিবহন খাতের লোকজনের জানমাল এবং যাত্রীদের রক্ষা করা সবার দায়িত্ব। পরিবহনশ্রমিকদেরও নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে।
সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, এ পর্যন্ত ৮২৩টি গাড়ির মালিক ক্ষতিপূরণের জন্য কাগজপত্র জমা দিয়েছেন। এই খাতে সরকার প্রায় ৬ কোটি ৩৫ লাখ টাকা অনুদান মঞ্জুর করেছে। এর মধ্যে ৪ কোটি ২০ লাখ টাকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা জানান, নাশকতায় ক্ষতিগ্রস্ত বা পুড়ে যাওয়া গাড়ির মালিকেরা ক্ষতিপূরণ পেলেও ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা সুযোগ-সুবিধা পাচ্ছেন না। নাশকতায় হতাহত শ্রমিকদের সহায়তা প্রদানের আহ্বান জানান তাঁরা।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, নাশকতার আগুনে পুড়ে যাওয়া শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে আবেদন করলে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান পাওয়া যাবে। ফেডারেশন বরাবর আবেদন করতে হবে।