নেতা ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক, কর্মসূচি দেবেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপির সৌজন্য
২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপির সৌজন্য

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের জ্যেষ্ঠ নেতা এবং আগামীকাল বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কর্মসূচি ঘোষণা করবেন। আজ বুধবার রাতে ২০-দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা জিয়া। কাল বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবেন। ফখরুল বলেন, বৈঠকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। হামলার পর বিএনপি চেয়ারপারসন সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, ২০-দলীয় জোট সেটিকে অভিনন্দন জানিয়ে পূর্ণ সমর্থন জানিয়েছে।

মির্জা ফখরুল বলেন, ১৪ দল ও আওয়ামী লীগের নেতারা খালেদা জিয়ার আহ্বান উপেক্ষা করে প্রকৃতপক্ষে জাতির আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন। তাঁরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে না পেরে কিছুটা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এই মুহূর্তে জাতির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এই মুহূর্তে তাঁরা জাতিকে বিভক্ত এবং আরও গভীর সংকটে ফেলতে চাইছে।

গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে আজ রাত আটটা থেকে দশটা পর্যন্ত এ বৈঠক হয়। এরপর খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন।