জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি আওয়ামী লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধরমপাশা) আসনের ক্ষমতাসীন দলের সাংসদ মোয়াজ্জেম হোসেনের সুনামগঞ্জ পৌর শহরের বাসায় হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির গতকাল শনিবার বেলা দুইটায় জেলা শহরের বাসায় এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ দাবি জানান।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মল্লিকপুর এলাকায় অবস্থিত সাংসদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সাংসদ এ সময় বাড়িতে ছিলেন না। এ ঘটনায় শুক্রবার ওই বাড়ির তত্ত্বাবধায়ক সৈয়দ সুজন আহমদ বাদী হয়ে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবাবিল নূর, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ ১৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ বৃহস্পতিবার রাতেই আবাবিল নূরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘সুনামগঞ্জে সাংসদের বাসায় হামলা, যুবলীগের নেতাসহ পাঁচজন গ্রেপ্তার’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছে।
সংবাদ সম্মেলনে এনামুল কবির বলেন, সাংসদের বাড়িতে হামলাকারী সন্ত্রাসীরা যে দলেরই হোক, তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। সুনামগঞ্জে এর আগে এ রকম ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলা আওয়ামী লীগে কোনো বিভেদ নাই। সবাই ঐক্যবদ্ধ।’
ঘটনার পর সাংসদ মোয়াজ্জেম হোসেন তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের সঙ্গে যুবলীগের কিছু নেতা-কর্মী জড়িত বলে অভিযোগ করেন। তবে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা এ অভিযোগ অস্বীকার করেছেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, এ ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।