জড়িতরা নির্ভয়ে এলাকায় পালিয়ে বেড়াচ্ছেন অন্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্র দখল নিয়ে গন্ডগোলের জেরে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরাই পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ। কিন্তু মামলার পর তাঁরা নির্ভয়ে বাড়িতে থাকছেন। আর গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিদ্রোহী প্রার্থী ও বিএনপির প্রার্থীর সমর্থকেরা।
নওগাঁর রানীনগর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার-আতঙ্কে রানীনগরের ছয়টি গ্রামের বিশেষ করে পুরুষ বাসিন্দারা এখন গ্রামছাড়া। ভয়ে রাতে কেউই বাড়িতে থাকছেন না।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৮ মে রানীনগর ইউপির তিনটি কেন্দ্রে ভোট চলাকালে গন্ডগোল হয়। ঘটনার পরদিন আল-আমিন মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সানোয়ার হোসেন অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া সিম্বা ইউনাইটেড উচ্চবিদ্যালয় ও লোহাচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এলাকায় গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ইউনিয়নের উত্তর রাজাপুর, দক্ষিণ রাজাপুর, মধ্য রাজাপুর, সিংড়াডাঙ্গা, সিম্বা ও লোহাচূড়া গ্রামে চরম পুলিশ-আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। কিন্তু প্রতি রাতেই পুলিশ গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন জনকে খোঁজ করছে। ফলে গ্রেপ্তার হওয়ার ভয়ে পরিবারগুলোর পুরুষ সদস্যদের কেউ বাড়িতে থাকছেন না।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রানীনগর ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান পিন্টুর লোকজনই আল-আমিন মাদ্রাসা ভোটকেন্দ্রে গন্ডগোলের সূত্রপাত করেন। তাঁরা ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। বাধা দিতে গেলে পুলিশ ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। লোহাচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিম্বা ইউনাইটেড উচ্চবিদ্যালয় কেন্দ্র দুটিও আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরাই দখল করে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। এই তিন কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হন। তাঁদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। কিন্তু পুলিশ এখন উল্টো বিদ্রোহী ও বিএনপির প্রার্থীর সমর্থকদেরই হয়রানি করছে। আওয়ামী লীগের প্রার্থীর লোকজন কেন্দ্র দখল ও পুলিশের ওপর হামলা চালালেও তাঁরা নির্ভয়ে বাড়িতে রয়েছেন।
বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন বলেন, ‘গ্রেপ্তারের ভয়ে আমার কর্মী-সমর্থকেরা প্রায় সবাই এখন বাড়িছাড়া। সরকারদলীয় প্রার্থীর লোকজন আমার লোকজনকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। এতে আরও বেশি করে আতঙ্ক ছড়াচ্ছে।’
স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তাফা ভোটের পরদিনই সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণের সময় আওয়ামী লীগের প্রার্থীর লোকজন ভোটকেন্দ্র দখলে নিয়ে জাল ভোট দিতে শুরু করেন। এ সময় তাঁরা ভীতি সৃষ্টি করতে ককটেল ফাটান এবং পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলা চালান।
জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান বলেন, ‘ওই দিন আমার কোনো লোক কেন্দ্রে হামলা চালায়নি। বরং স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার লোকজনই আমার কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের ওপর হামলা চালিয়েছে।’
এদিকে ঘটনার সময় আল-আমিন মাদ্রাসা কেন্দ্র থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, রানীনগর থানা ছাত্রলীগের সভাপতি মোহন ও ছাত্রলীগের নেতা সায়েম উদ্দীনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনের সময় জেলা প্রশাসক আমিনুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, তিন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। আটক তিনজনসহ এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ব্যবস্থা নেওয়া দূরের কথা, আটক তিনজনকেই পরে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান বলছেন, হামলায় জড়িত কারা, নিশ্চিত নয় পুলিশ। তিনি বলেন, ‘প্রকৃত দুষ্কৃতকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’ ছাত্রলীগের তিন নেতাকে ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি বলেন, ওই দিন কাউকে আটক করা হয়নি। তবে আল-আমিন মাদ্রাসা কেন্দ্র থেকে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। পরে তাঁরা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।