জয় আমাদের ভবিষ্যৎ নেতা: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা হিসেবে আখ্যায়িত করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে ঘিরে আমাদের স্বপ্ন আছে, আশা আছে। তিনি আমাদের ভবিষ্যৎ নেতা (ফিউচার লিডার), কিন্তু রাজনীতিতে সরাসরি কমিটিতে আসা, সে ব্যাপারে তাঁর আগ্রহের ব্যাপারকেও তো আমাদের গুরুত্ব দিতে হবে।’

গতকাল বুধবার ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সম্পাদকমণ্ডলীর নেতারা বৈঠক করেন। সেখানে আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবসের কর্মসূচি ঠিক করা হয়। বৈঠক সূত্র জানায়, এবার আওয়ামী লীগের সহসম্পাদকের সংখ্যা ১০০-এর মধ্যে রাখার বিষয়ে আলোচনা হয়। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীতে ১৯টি বিষয়ভিত্তিক পদ আছে।

গঠনতন্ত্রে সম্পাদকমণ্ডলীর প্রতিটির সঙ্গে পাঁচজন করে নেতাকে সহসম্পাদক করার কথা বলা আছে। কেন্দ্রীয় কমিটির দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদায়ী কমিটির অধীনে ১ হাজারের বেশি সহসম্পাদক নিয়োগ দেওয়া হয়েছিল। বিদায়ী কমিটির সভাপতিমণ্ডলীর একজন ও সম্পাদকমণ্ডলীর একজন নেতা এসব সহসম্পাদক নিয়োগ দেন বলে দলীয় সূত্র জানায়।

সজীব ওয়াজেদ জয় এখনই কেন্দ্রীয় কমিটিতে আসতে আগ্রহী নন জানিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘জোর করে আপনি তো তাঁর ওপর কিছু আরোপ করতে পারেন না। তাঁর নিজের সম্মতিরও ব্যাপার আছে। তিনি আমাদের ভবিষ্যৎ নেতা। ভবিষ্যতে এ বিষয়ে নেত্রীরও সম্মতির বিষয় আছে। তখনই বিবেচনা করা হবে।’

দলের সম্মেলন-মঞ্চে জয় উঠতে চাননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা অনেকটা জোর করে তাঁকে (জয়) মঞ্চে উঠিয়েছি। কাউন্সিলর থাকতে চেয়েছিলেন তিনি, সেখানেই বসতে কমফোর্ট ফিল করছিলেন।’

দলের জাতীয় সম্মেলনের আয়োজন সম্পর্কে বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে আলোকসজ্জা সরিয়ে নেওয়া হয়েছে। এখন কিছু বিলবোর্ড রয়েছে। সেগুলোও সড়ক বিভাজকের ওপর। সিটি করপোরেশন থেকে এর জন্য ৩০ অক্টোবর পর্যন্ত বরাদ্দ নেওয়া হয়েছিল। এর মধ্যেই অপ্রয়োজনীয় সব বিলবোর্ড সরিয়ে নেওয়া হবে।

ওবায়দুল কাদের জানান, আজ বৃহস্পতিবার বনানীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত কেন্দ্রীয় নেতারা। সেখানে মিলাদ, ফাতেহা পাঠ ও মোনাজাত করা হবে।

গতকালের সভায় সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেল হত্যা দিবসের কর্মসূচি: ওবায়দুল কাদের জানান, জেল হত্যা দিবসের কর্মসূচির শুরুতে ৩ নভেম্বর ভোরে দলের সর্বস্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল সাতটায় দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। আটটায় বনানী কবরস্থানে জাতীয় চার নেতার মধ্যে তিনজনের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে। রাজশাহীতে একই কর্মসূচি পালন করা হবে এ এইচ এম কামারুজ্জামানের কবরে।

৩ নভেম্বর বেলা তিনটায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে জেলে থাকা অবস্থায় ঘাতকেরা হত্যা করে। আওয়ামী লীগ প্রতিবছরই চার নেতার স্মরণে কর্মসূচি পালন করে থাকে।