
সিলেটে ভোটের মাঠে আওয়ামী লীগ যেন দাপুটে একটি দল। নেতাদের কথাবার্তায় জয় নিয়ে সংশয় নেই। যেকোনো মূল্যেই দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে চাইছেন তাঁরা। আর বিএনপিতে শঙ্কা, খুলনা-গাজীপুরের মতো সিলেটেও একই পরিস্থিতি হয় কি না।
এ অবস্থা মোকাবিলায় নতুন কর্মকৌশল ঠিক করছে বিএনপি। সরকারদলীয় কর্মীরা ভয়ভীতি দেখিয়ে যেন ভোটকেন্দ্র থেকে দলীয় এজেন্টদের বের করে দিতে না পারেন, সে জন্য নানা কৌশল নিয়ে ভাবছে বিএনপি। তারা এখন বিশ্বস্ত ও সাহসী এজেন্টদের খুঁজে বের করছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার পাশাপাশি সংকটও রয়েছে বিএনপিতে। দলে এখন পর্যন্ত একজন বিদ্রোহী প্রার্থী ও জামায়াতে ইসলামের স্বতন্ত্র প্রার্থিতা এ সংকটের কারণ।
গত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছিলেন ১ লাখ ৭ হাজার ৩৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান পান ৭২ হাজার ২৩০ ভোট। ভোটের ব্যবধান ছিল ৩৫ হাজার ১০০। এ দূরত্ব এবার অতি সহজেই ঘোচানো সম্ভব বলে আওয়ামী লীগের ধারণা। অন্যদিকে বিএনপির ভাষ্য, তাদের প্রার্থীর জনপ্রিয়তা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। তাই সুষ্ঠু ভোট হলে ফলাফলের ব্যবধান আরও বাড়বে।
আওয়ামী লীগ জয়ের জন্য মরিয়া
আওয়ামী লীগ যেকোনো মূল্যেই সিলেটে জয় পেতে চাইছে। এখানে গত নির্বাচনে তাদের প্রার্থী বদরউদ্দিন কামরান বিএনপির কাছে হেরে গিয়েছিলেন। এর আগে টানা ১৮ বছর কামরান পৌরসভার চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এবারও প্রার্থী বদরউদ্দিন কামরান। তাই মেয়রের চেয়ারটি পুনরুদ্ধার করতে দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা নানা হিসাব-নিকাশ করছেন।
মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় সিলেটে আওয়ামী লীগ দলগতভাবে এখন অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। তা ছাড়া দলীয় মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কেন্দ্রের কড়া নির্দেশনা রয়েছে। এর বাইরে স্থানীয়ভাবেও আওয়ামী লীগ বেশ কিছু কৌশল নিচ্ছে।
আওয়ামী লীগের নেতারা মনে করেন, প্রতিপক্ষ ২০-দলীয় জোটের দুজন গুরুত্বপূর্ণ নেতার নির্বাচনে অংশ নেওয়া তাঁদের জন্য সুবিধা বয়ে আনবে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ারে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘটনা বিএনপিকে আপাতত বেকায়দায় ফেলেছে। তাঁরা যেন শেষ পর্যন্ত বসে না পড়েন, সে জন্য কোনো কোনো মহল তলেতলে কাজ করছে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মোয়াজ্জেম হোসেন খানের প্রার্থী হওয়াও আওয়ামী লীগের প্রার্থীর জন্য ইতিবাচক।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্বে আছেন। প্রথম আলোকে তিনি বলেন, জয়ের জন্য মরিয়া নয়, জয়ে মনোবল বেড়েছে। বর্তমান সরকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করেছে। এর প্রতিফলন হিসেবে ৩০ জুলাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটাররা মুখিয়ে আছেন।
বিশ্বস্ত ও সাহসী এজেন্টের খোঁজে বিএনপি
খুলনা ও গাজীপুরের নির্বাচন ছাড়াও সিলেট বিএনপির পর্যবেক্ষণে রয়েছে সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনও। এ তিনটি নির্বাচন সরকার-নিয়ন্ত্রিত হয়েছে বলে নেতা-কর্মীদের দাবি। বিএনপির অভিযোগ, সরকারদলীয় প্রার্থীর সমর্থকেরা নানা ধরনের কৌশল অবলম্বন করে দুপুরের পর থেকেই কেন্দ্র দখল করে নিয়েছিলেন। এ ক্ষেত্রে দলীয় কর্মী-সমর্থক ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। সরকারদলীয় প্রার্থীর সমর্থকেরা প্রশাসনের সহযোগিতা নিয়ে জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটিয়েছিলেন। এটি মাথায় রেখেই স্থানীয় পর্যায়ে এখন বিএনপির নেতারা নির্বাচনী কৌশল ঠিক করার জন্য নিজেদের মধ্যে আলোচনা সেরে নিচ্ছেন। এ অবস্থায় কেন্দ্রগুলোতে দলটির পক্ষ থেকে বিশ্বস্ত ও সাহসী এজেন্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রথম আলোকে বলেন, ‘খুলনা ও গাজীপুরে আমাদের অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না। নির্বাচনের নামে সেখানে প্রহসন হয়েছে। নির্বাচনে বিএনপিকে মাঠছাড়া করানোর সব ধরনের আয়োজন সেখানে ছিল। আমরা আশা করছি, রাজনৈতিক সম্প্রীতির নগর পুণ্যভূমি এই সিলেটে এমন কোনো ভূমিকা সরকারদলীয় সমর্থকেরা করবেন না। এরপরও যদি জোর করে কেন্দ্র দখল এবং বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা হয়, তবে সাধারণ নাগরিকদের সঙ্গে নিয়ে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা সেটি শক্তভাবে প্রতিহত করবেন।’
সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃত্বস্থানীয় চার নেতা বলেন, সিলেটে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী খুবই শক্তিশালী ও জনপ্রিয়। গত মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে তিনি প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। এ ছাড়া মেয়াদের প্রায় আড়াই বছরই তাঁকে কারারুদ্ধ থাকতে হয়েছে, এটিও নগরবাসী সরকারের ‘উদ্দেশ্যমূলক আচরণ’ হিসেবে মনে করছেন। এ অবস্থায় সিলেটে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারলে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘সরকারকে আমরা একের পর এক সুযোগ দিয়েছি, যেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসে। কিন্তু পুলিশ প্রশাসন দিয়ে ভোটকেন্দ্র দখলের কোনো সুযোগ সিলেটে দেওয়া হবে না। আবার এটাও ঠিক যে অসুস্থ রাজনীতির বিরুদ্ধে কোনো পরিকল্পনা করা যায় না। কেউ যদি প্রশাসন ও প্রভাব খাটিয়ে বল প্রয়োগ ও জোর করে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিতে চায়, তাহলে এর প্রতিরোধ সাধারণ মানুষ করবে কীভাবে? এরপরও আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে নির্বাচনটি শেষ করে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে চাইছি।’