জয়কে নেতৃত্ব পর্যায়ে চান কাউন্সিলররা
আওয়ামী লীগের কমিটিতে নেতৃত্ব পর্যায়ের কোনো পদে সজীব ওয়াজেদ জয়কে দেখতে চান বেশির ভাগ কাউন্সিলর। আজ রোববার কাউন্সিলের দ্বিতীয় দিন এখন পর্যন্ত বক্তব্য দেওয়া অধিকাংশ কাউন্সিলরই জয়কে নেতৃত্বে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। উপস্থিত কয়েকজন কাউন্সিলর সূত্রে এ কথা জানা গেছে।
জয় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। তিনি প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টাও। এবারই প্রথম আওয়ামী লীগের রংপুর জেলা কমিটির সদস্য জয় কাউন্সিলর হিসেবে দলের ২০তম সম্মেলনে যোগ দিয়েছেন। দ্বিতীয় দিন কাউন্সিল অধিবেশনেও দলের এই কাউন্সিলর উপস্থিত রয়েছেন।
গতকাল শনিবার কাউন্সিলের উদ্বোধনী দিন বিভিন্ন জেলা কমিটির সভাপতিরা জয়কে নেতৃত্বে নিয়ে আসার দাবি জানান। আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দলের রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশনে তৃণমূল নেতাদের দেওয়া বক্তব্যে জয়কে নেতৃত্বে আনার দাবি তোলা হয়।
সম্মেলনস্থলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।