জয়কে নেতৃত্বে দেখতে চান কাউন্সিলররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় (বাঁয়ে) ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম l ছবি: ফোকাস বাংলা
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় (বাঁয়ে) ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম l ছবি: ফোকাস বাংলা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে আনার দাবি জানিয়েছেন জাতীয় সম্মেলনে অংশগ্রহণকারী কাউন্সিলর ও নেতারা। তাঁরা বলেন, ‘জয় দক্ষ, মেধাবী ও যোগ্য। তিনি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি। তাঁকে নেতৃত্বে চাই।’

গতকাল শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে নেতারা এ দাবি তোলেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই পর্বে দেশের প্রতিটি বিভাগ থেকে একজন করে মোট ছয়জন জেলা নেতা বক্তৃতা করার সুযোগ পান। এর বাইরে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি। এই আটজনের সবাই দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন এবং দায়িত্ব চালিয়ে যাওয়ার দাবি জানান। সাতজন সজীব ওয়াজেদ জয়কে নেতৃত্বে নিয়ে আসার দাবি করেন।

এর আগে সজীব ওয়াজেদ জয়কে নেতৃত্বে নিয়ে আসার বিষয়ে আলোচনার সূত্রপাত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সম্মেলনের দ্বিতীয় পর্ব চলার মধ্যে বেলা সাড়ে তিনটায় সম্মেলনস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা জয়। তাঁর উপস্থিতির কথা মাইকে ঘোষণা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। জয় মঞ্চের সামনে বসে ছিলেন। তাঁকে মঞ্চে ওঠার অনুরোধ জানানো হয়। তিনি মঞ্চে উঠে মতিয়া চৌধুরী ও সৈয়দ আশরাফের মাঝের আসনে বসেন। এরপর সৈয়দ আশরাফ মাইকে বলেন, ‘জয়, তুমি একটু উঠে দাঁড়াও। সবাই তোমাকে দেখতে চায়।’

সৈয়দ আশরাফ বলেন, ‘শেখ হাসিনা আমাদের শেষ ভরসা। আর এখানে আছেন আরেকজন শেষ ভরসা। তিনিই নেতৃত্ব দিয়ে এগিয়ে নেবেন।’

সৈয়দ আশরাফ বলেন, ‘জয় এসেছে। তার বন্ধুরা আসবে। সহপাঠীরা আসবে। দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের বয়স হয়েছে। খুব বেশি কিছু দেওয়ারও নাই, শক্তিও নাই।’ তিনি বলেন, নতুনদের আসার সুযোগ করে দিতে হবে। তারা যেন এই আওয়ামী লীগকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে।

কাউন্সিলরদের বক্তব্য শুরু হয় বরিশাল বিভাগ দিয়ে। এই বিভাগ থেকে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দলীয় প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ক্ষুধা-দারিদ্র্যের বিরুদ্ধে যে যুদ্ধ করছেন, তা অব্যাহত রাখতে হবে। আপনি বিদায় নিতে পারবেন না। আপনার অবর্তমানে জয় এই যুদ্ধ এগিয়ে নিয়ে যাবেন। দেশের ১৬ কোটি মানুষ তাঁর দিকে তাকিয়ে আছে।’

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘জয় ক্লিন ইমেজের (স্বচ্ছ ভাবমূর্তি) মানুষ। তাঁর হাত ধরে দেশে ডিজিটাল বাংলাদেশ এসেছে। তাঁকেই ভবিষ্যৎ নেতৃত্বে দেখতে চাই।’

রাজশাহী বিভাগের অধীন বগুড়া আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, ‘জয়কে কেন্দ্রীয় কমিটিতে উপযুক্ত পদে স্থান দেওয়া হোক।’

চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, ‘নেত্রী, সংগঠন করব আপনার নেতৃত্বে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার জন্য কাকে আপনার রানিংমেট করা দরকার, তা আপনি করবেন। তরুণ সমাজ জয়কে কেন্দ্রে দেখতে চায়। সর্বস্তরের নেতারাও তাঁকে নেতৃত্বে চান।’

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান বলেন, ‘তরুণ প্রজন্ম জয়কে চায়। নতুন প্রজন্মকে জয়ের হাতে তুলে দিতে চাই আমরা।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘পরবর্তী কেন্দ্রীয় কমিটিতে জয় যেকোনো একটি পদে থাকবে বলে আশা করছি।’

গোপালগঞ্জ আওয়ামী লীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হক বলেন, এবারের সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, তা অর্থনৈতিক মুক্তির পথ আরও ত্বরান্বিত করবে।

খুলনা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ বলেন, ‘জয়কে আগামী কেন্দ্রীয় কমিটিতে একটি সম্মানজনক পদে রাখার দাবি করছি।’ এই বিষয়ে উপস্থিত কাউন্সিলররা রাজি আছেন কি না, তা জানতে চান হারুনুর রশিদ। এ সময় উপস্থিত কাউন্সিলর ও প্রতিনিধিরা এক যুগে হ্যাঁ-সূচক আওয়াজ তোলেন। এরপর তিনি বলেন, হাত তুলে জানান। তখন সবাই হাত তুলে সমর্থন করেন।

কাউন্সিলরদের বক্তৃতার পর দলীয় প্রধান শেখ হাসিনা বক্তৃতা করেন। তিনি জানান, আজ রোববার সকাল সাড়ে নয়টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হবে। সেখানে সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি আরও কাউন্সিলরদের বক্তব্য শোনা হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল নেতা গত রাতে প্রথম আলোকে বলেন, সজীব ওয়াজেদ জয়কে রাজনীতি-সক্রিয় করা এবং দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়ার যে দাবি উঠেছে, তা আজও অব্যাহত থাকতে পারে।