জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাওয়াকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে। বিভক্ত হয়ে পড়া দুই অংশ পৃথক পৃথকভাবে জেলা কমিটির সভা করেছে। সভায় দুপক্ষের নেতারা পরস্পরের সভাকে গঠনতন্ত্রবিরোধী ও অবৈধ বলে দাবি করছেন।
এ দলাদলির এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হক্কানী ও অপর পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।
গত শনিবার জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি সভা করে জেলা কমিটির একাংশ। এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা সামছুল আলম। সভায় জেলা কমিটির ৪২ জন নেতা ও সদস্য উপস্থিত ছিলেন বলে দাবি করেন জেলা কমিটির কোষাধ্যক্ষ আহসান কবীর। তিনি অভিযোগ করেন, জেলা কমিটির নেতা সোলায়মান আলী অবৈধভাবে জয়পুরহাট শহরের ডাকবাংলোতে জেলা কমিটির কাউকে না জানিয়ে নিজ অনুসারীদের নিয়ে সভা করেন। এ ধরনের সভার কোনো বৈধতা নেই বলে দাবি করেন আহসান কবীর। আগামী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোলায়মান আলী যেন আর দলীয় মনোনয়ন না পান এ জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান এই নেতা।
জেলা কমিটির সহসভাপতি গোলাম হক্কানী দাবি করেন, সোলায়মান আলী ডাকবাংলোতে যে সভা করেছেন, সেটা জেলা কমিটির কোনো সভাই না। এটা তাঁর নিজের অনুসারীদের নিয়ে করা এক বৈঠক। সেখানে তিনি যদি কোনো সিদ্ধান্ত নেন তবে তা দলীয় সিদ্ধান্ত হবে না।
এদিকে সোলায়মান আলী বলেন, ডাকবাংলো নয়, গত শুক্রবার জয়পুরহাট শহরের সিও কলোনি এলাকায় জেলা পরিষদ মিলনায়তনে তিনি ওই সভা করেন। এতে সভাপত্বিত্বে করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম। উপস্থিত ছিলেন কমিটির ৭১ জনের মধ্যে অন্তত ৩৯ জন। গঠনতন্ত্র মেনে বৈধভাবেই সভাটি করা হয়েছে। বরং প্রতিপক্ষের লোকজন ভয়ভীতি দেখিয়ে কমিটির অনেক নেতা-কর্মীকে তাঁর বৈঠকে আসতে বাধা দিয়েছেন বলে অভিযোগ করেন সোলায়মান আলী। তিনি আরও দাবি করেন, তাঁদের সভায় সর্বসম্মতিক্রমে আগামী জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যাঁদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে সেখানে তিনিসহ আরও দুজন জেলা কমিটির নেতা অধ্যক্ষ খাজা সামছুল আলম ও রাজা চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে। দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনা করে সিদ্ধান্ত নিলে তিনিই ওই পদে মনোনয়ন পাবেন। তারপরও দল যে সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন।
তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সোলায়মান আলী আরও বলেন, তিনি যদি কোনো দুর্নীতি, অপকর্মের সঙ্গে জড়িত থাকেন, তাহলে অনেক আগেই প্রতিপক্ষ সে বিষয়ে অভিযোগ দিতে পারত। জেলা পরিষদ নির্বাচনের আগে এ ধরনের অভিযোগ তোলা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তাঁর মনোনয়ন বোর্ড। জয়পুরহাট জেলা আওয়ামী লীগ দুপক্ষে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে এভাবে কাদা ছোড়াছুড়ি করলে তা জয়পুরহাটের ভবিষ্যৎ রাজনীতির জন্য সুফল বয়ে আনবে না।