মেহেরপুর পৌরসভা নির্বাচনের স্থগিত দুটি কেন্দ্রে পুনরায় ভোট হয়েছে। গতকাল সোমবারের এ ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। তবে কারচুপির অভিযোগে বেলা সাড়ে ১১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন ব্যালট ছিনতাইয়ের অভিযোগ ওঠায় ৭ নম্বর ওয়ার্ডের সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ১১ ও ১২ নম্বর কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। গতকাল সকাল আটটা থেকে ওই দুটি কেন্দ্রে ভোট শুরু হয়।
বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রকাশিত ফলে দেখা যায়, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান (নৌকা প্রতীক) পেয়েছেন ২ হাজার ৫১১ ভোট। বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ) পেয়েছেন ৫৭৬ ভোট।
২৫ এপ্রিল অনুষ্ঠিত ১৩টি কেন্দ্রের বেসরকারি ফলেও আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর এগিয়ে ছিলেন। ওই ১৩ কেন্দ্র মিলিয়ে তিনি পান ১১ হাজার ৭২০ ভোট। বিএনপির প্রার্থী জাহাঙ্গীর পান ৮ হাজার ৪১৬ ভোট। সে হিসাবে তিনি জাহাঙ্গীরকে ৩ হাজার ৩০৪ ভোটে পরাজিত করেছেন। ১৫টি কেন্দ্রর ফল মিলিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ (নারকেলগাছ) ২ হাজার ৬৮৭ ভোট ও আরেক স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের (মোবাইল ফোন) পেয়েছেন ৫৪ ভোট।
ভোট বর্জনের ঘোষণা
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে ভোটের অবস্থা নিয়ে কথা বলেন বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস। এ সময় তিনি ব্যাপক কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।
জাহাঙ্গীর বিশ্বাস বলেন, কেন্দ্র দুটিতে অবাধে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা ভোটারদের নৌকায় সিল মারতে বাধ্য করছেন। প্রহসনের এ নির্বাচনে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন না। প্রশাসনকে বারবার জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই তিনি ভোট বর্জন করলেন।
জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ বলেন, সারা দেশের মতো মেহেরপুর পৌর নির্বাচনেও ব্যাপক ভোট কারচুপি হয়েছে। এটা প্রমাণ করে, এই সরকারের আমলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে গতকাল সকালে হামলা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
সকালে লম্বা সারি
সকাল আটটার দিকে ভোটকেন্দ্র দুটিতে ভোটারদের লম্বা সারি দেখা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কমে যায়। অনেককে ভোট না দিয়েই কেন্দ্র থেকে চলে যেতে দেখা যায়। বেলা তিনটার আগেই ভোটকেন্দ্র ফাঁকা হয়ে যায়। এ সময় কেন্দ্র পরিদর্শন করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান।
ভোট বর্জনের বিষয়ে জানতে চাইলে রোকনুজ্জামান বলেন, বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের পক্ষ থেকে তিনি ভোট বর্জনের লিখিত আবেদন পেয়েছেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে তাঁরা যথাসাধ্য চেষ্টা করেছেন বলে দাবি করেন রোকনুজ্জামান।
মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এরপরও বিএনপি কেন প্রশাসনকে দায়ী করছে তা তিনি জানেন না।