জয়ী স্বতন্ত্র প্রার্থী, তবে গেজেটে আ.লীগ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জিতেছেন। তবে গেজেটে নাম এসেছে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আবাইপুর ইউপিতে এ ঘটনা ঘটেছে।
অবশ্য জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা বলেন, ছাপার ভুলের কারণে এমনটা ঘটেছে। শিগগিরই তা সংশোধন করা হবে।
শৈলকূলা উপজেলায় শেষ ধাপে গত ৪ জুন ইউপি নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। আবাইপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন হেলাল উদ্দীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী মুক্তার হোসেন মৃধা। গতকাল সোমবার জেলা নির্বাচন কার্যালয় থেকে সরকারি গেজেট সংগ্রহ করে দেখা যায়, হেলাল উদ্দীনকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে দেখানো হয়েছে।
এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বিজয়ী প্রার্থী হেলাল উদ্দীন। তিনি বলেন, ‘কেন এমনটা করা হয়েছে তা নির্বাচন কর্মকর্তারাই বলতে পারবেন।’
তবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মুক্তার আহম্মেদ মৃধা। তিনি বলেন, ‘যিনি আওয়ামী লীগের রাজনীতি করেন না, নৌকা প্রতীক নিয়ে ভোট করেননি, তাঁকে গেজেটে যারা আওয়ামী লীগ বানাচ্ছে, তাদের উদ্দেশ্য কী, তা খুঁজে বের করা প্রয়োজন। ভোটের আগে থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এটা তারই একটা অংশ।’
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, গেজেটে ভুল ছাপা হয়েছে। বিষয়টি সংশোধনের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।