জয়ের পথে আ.লীগের প্রার্থী, বর্জন বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থীর ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় ইমতিয়াজ বিন মুসার জয়ের পথ নিশ্চিত হয়।

এদিকে ভোটবিহীন নির্বাচন সম্পন্ন করায় আওয়ামী লীগ ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি। গত রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বিএনপির প্রার্থী কামাল হোসেন এই ঘোষণা দেন।

কুলিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক মিয়া বলেন, ‘মেয়র পদে দুটি মনোনয়নপত্র জমা হয়েছিল। একটি আওয়ামী লীগ এবং অন্যটি বিএনপির প্রার্থীর। ভুল তথ্য দেওয়ার কারণে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর আমাদের হাতে একটিমাত্র বৈধ মনোনয়নপত্র ছিল। গতকাল মঙ্গলবার ছিল তা প্রত্যাহারের শেষ দিন।’

বিধি অনুযায়ী আজ বুধবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে বলে জানান তিনি।

রোববা​েরর সংবাদ সম্মেলনে কামাল হোসেন অভিযোগ করেন, ‘হলফনামায় আমি নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছিলাম। নানা কারণে সেটি অনেক প্রার্থী করে থাকেন। নির্বাচন কর্মকর্তা ইস্যুটিকে সামনে এনে আমার মনোনয়নপত্র বাতিল করেন। সিদ্ধান্ত নিয়েছিলাম, এই বিষয়ে আপিল করব। পরে ভেবে দেখলাম, লাভ নেই। আপিলে জয়ী হলেও ভোটে হতে পারব না। কারণ, আমার কোনো ভোটারকে কেন্দ্রে যেতে দেওয়া হবে না। সুতরাং নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া আমার কোনো উপায় নেই।’

অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী ইমতিয়াজ বিন মুসা বলেন, মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে অনিয়ম হলে আপিলের সুযোগ ছিল, কিন্তু বিএনপির প্রার্থী নিজের দুর্বলতা বুঝতে পেরে সুযোগটি নেননি।

অভিযোগের বিষয়ে নির্বাচন কর্মকর্তা বলেন, বিএনপির প্রার্থী ১৯৮৪ সালে উপজেলার ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঁইয়া উচ্চবিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস করেন। দ্বিতীয় বিভাগে কুলিয়ারচর ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন ১৯৮৭ সালে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তাঁদের কাছে লিখিতভাবে এই তথ্য নিশ্চিত করেছিলেন।

পৌরসভার মেয়র আবুল হাসান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত ৭ এপ্রিল মারা গেলে পদটি শূন্য হয়। ৪ আগস্ট মেয়র পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।