জয়ের ফেসবুকের ভিত্তিতে শফিক রেহমানকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেসবুকে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেওয়া একটা পোস্টের ওপর ভিত্তি করেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁর দাবি, বাংলাদেশ পুলিশের করা এ-সংক্রান্ত মামলাটি ভিত্তিহীন।
গতকাল শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব দাবি করেন, যুক্তরাষ্ট্রের আদালতে জমা দেওয়া মার্কিন সরকারের প্রতিবেদনে জয়কে অপহরণ কিংবা দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ সেখানকার আদালত গ্রহণ করেননি। তা সত্ত্বেও শুধু জয়ের ফেসবুকে দেওয়া একটা পোস্টের ওপর ভিত্তি করে ঢাকায় পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলা ও গোপনে তদন্ত হয়েছে। এরপর বয়োবৃদ্ধ শফিক রেহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিচার হওয়া মামলার অভিযোগপত্র, আদালতে দেওয়া ওই সরকারের প্রতিবেদন, অভিযুক্ত বা সাক্ষীদের কোনো জবানবন্দি, মামলার রায়, এমনকি ঢাকার রমনা থানা বা পল্টন থানায় করা মামলার কোথাও সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান বা বিএনপির কোনো নেতার নাম উল্লেখ নেই।
বিএনপির মহাসচিব বলেন, আমেরিকান নাগরিক রিজভী আহমেদ সিজারের বিরুদ্ধে আমেরিকান আদালতে যে মামলা হয়েছিল, ওই মামলার রায়ে প্রমাণিত হয় যে সিজার প্রকৃতপক্ষে জয় ও তাঁর মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে বিব্রত ও দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপনের প্রমাণ হিসেবে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন এবং কিছুটা সফলও হয়েছিলেন।

শফিক রেহমানকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র বৈঠকে সাতজন অংশ নিয়েছিলেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে বলে দাবি করেছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, দ্বিতীয় দফা রিমান্ডের প্রথম দিনে গতকাল শফিক রেহমান জানিয়েছেন, জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের ব্যাপারে গত বছর তিনি যুক্তরাষ্ট্রে একাধিক বৈঠকে অংশ নিয়েছিলেন। তবে বৈঠকে অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্রে যাননি বলে দাবি করেন। তিনি জানান, লন্ডনে গিয়েছিলেন ছেলের সঙ্গে দেখা করতে। কিন্তু সস্তায় টিকিট পাওয়ায় প্রথমে যুক্তরাষ্ট্রে যান।
ডিবির উপকমিশনার জানান, বৈঠকে অংশগ্রহণকারী অন্যরা হলেন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদউল্লাহ মামুন, তাঁর ছেলে রিজভি আহম্মেদ সিজার, চট্টগ্রামের ব্যবসায়ী মিল্টন ভূঁইয়া, এফবিআইয়ের প্রতিনিধি রবার্ট লস্টিক ও জোহান্স থ্যালার। শফিক রেহমান আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে এ-সংক্রান্ত কাগজপত্রও দিয়েছিলেন।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ওই বৈঠকের ব্যাপারে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা ছিল কি না এবং কে কে নির্দেশ দিয়েছেন, সে বিষয়ে শফিক রেহমানের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে।