বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর ঝালকাঠি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া রাজাপুর উপজেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাসিম আকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪ সেপ্টেম্বর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলেআবুল কালাম আজাদকে সভাপতি, আবদুল হক নান্টুকে সহসভাপতি, নাসিম আকনকে সাধারণ সম্পাদক, হেমায়েত উদ্দিন সেলিমকে যুগ্ম সম্পাদক এবং মঠবাড়ি ইউপির চেয়ারম্যান জাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এদিকে গতকাল ঝালকাঠি শহরের একটি মিলনায়তনে জেলা বিএনপির এক সভায় শাহজাহান ওমর বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ারের উপস্থিতিতে পদত্যাগ করেন। সভায় জেলা বিএনপির সহসভাপতি মোস্তফা কামালকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।