ঝালকাঠি পৌর মেয়রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ
ঝালকাঠি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ১০ জন কাউন্সিলর। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে ওই সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্য পড়েন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম। এ সময় পৌরসভার আরও নয়জন কাউন্সিলর মঞ্চে উপস্থিত ছিলেন।
গত শনিবার মেয়র আফজাল হোসেন সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ওই ১০ কাউন্সিলর তাঁর কাছে ১০ লাখ টাকা করে এক কোটি টাকা উৎকোচ চেয়েছেন। সেই অভিযোগের জবাব দিতে ১০ কাউন্সিলর গতকাল পাল্টা সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে রেজাউল করিম বলেন, ১১ অক্টোবর মেয়র ১০ কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাঁদের জনপ্রতি এক কোটি টাকা দিলেও তাঁরা মেয়রের সঙ্গে কোনো আপস করবেন না।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মেয়র আফজাল হোসেন ৪০ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে চার শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দিয়েছেন। মেয়র, তাঁর ভাই ও ভাইয়ের ছেলের নামে বিভিন্ন রাস্তার ঠিকাদারি কাজ করিয়ে নিজে ২০ শতাংশ কমিশন নিয়েছেন। ফলে ওই সব রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় এক বছরের মধ্যেই জরাজীর্ণ ও খানাখন্দে পরিণত হয়েছে।