ঝালকাঠির মেয়রকে আ.লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান মেয়র আফজাল হোসেনকে দলের সব পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
গতকাল শনিবার ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ-আলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ বহিষ্কার আদেশের চিঠিতে স্বাক্ষর করেন।
মেয়র আফজাল হোসেন বলেন, ‘জেলা কমিটি আমাকে বহিষ্কারের ক্ষমতা রাখে না। বহিষ্কার করতে হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিতে হবে। কেন্দ্র কোনো সিদ্ধান্ত নেয়নি।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কমিটি বর্তমান ইউনিয়ন পরিষদসহ সব নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। ওই নির্দেশনা অনুযায়ী জেলা কমিটি জযুগ্ম সম্পাদককে বহিষ্কার করেছে।
২০ মার্চ ঝালকাঠি পৌরসভার নির্বাচন। ওই নির্বাচনে দলের পক্ষে প্রার্থী করা হয়েছে শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে। এ কারণে দলের বিদ্রোহী প্রার্থী হন আফজাল হোসেন।