ঝিনাইদহ ও মির্জাপুরে বিএনপির বিক্ষোভ, সড়ক অবরোধ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ ও টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল বৃহস্পতিবার গণমিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
ঝিনাইদহ শহরের কেপি বসু সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে গতকাল সকালে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মজিদের সভাপতিত্বে সেখানে সমাবেশ বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি এস এম মসিউর রহমান, জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে দেশ অচল করে দেওয়ার হুমকি দেন।
টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল দুপুরে স্থানীয় সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে তাঁর বাসভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতা-কর্মীরা। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা বাধা উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নেন।