ঝিনাইদহে ২০-দলীয় জোটের লাগাতার আন্দোলনের সময় নিহত যুবদলের নেতা ইন্তাদুল ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো প্রতিনিধিদল গত মঙ্গলবার সন্ধ্যায় সহায়তা হিসেবে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেয়।
ইন্তাদুলের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার দায়িরাপুর গ্রামে। তিনি স্থানীয় নাটিমা ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। বিএনপির নেতৃত্বাধীন জোটের আন্দোলন চলাকালে ২০১৩ সালের ২১ মার্চ পুলিশের গুলিতে তিনি নিহত হন বলে অভিযোগ ওঠে। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও বৃদ্ধ বাবা রয়েছেন। ইন্তাদুলের মৃত্যুর পর পরিবারটি অসহায় হয়ে পড়ে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো একটি প্রতিনিধিদল মঙ্গলবার সন্ধ্যায় ইন্তাদুল ইসলামের বাড়িতে পৌঁছায়। এ দলে ছিলেন দলটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান, নির্বাহী কমিটির সদস্য শেখ শামিম, ওমর ফারুক, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এজমাল হোসেন ও কবির হোসেন।
প্রতিনিধিদলটির সদস্যরা নিহত ইন্তাদুল ইসলামের বাবা গাজিউর রহমান ও দুই নাবালিকার হাতে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় নেতারা বলেন, ইন্তাদুল ইসলামের মতো যাঁদের গুলি করে মারা হয়েছে, বিএনপি ক্ষমতায় এলে এসব খুনের ঘটনার বিচার করা হবে। তাঁরা আরও বলেন, ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে দেওয়া হবে না। সবার অংশগ্রহণমূলক নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করবে।