রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে চারটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কর্মকর্তার কার্যালয়। তবে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বলছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সাতটি। এসব কেন্দ্রে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা আছে তাঁর।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। দলীয় সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। অপরদিকে দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা রকিবুল হাসান পিয়াল। দুজনই অতীতে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মোট ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ১, ৫, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছে তারা।
তবে ‘বিদ্রোহী’ রকিবুল হাসান পিয়ালের মতে, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ‘নির্বাচন প্রভাবমুক্ত হলে আমিই বিজয়ী হব।’
দল সমর্থিত প্রার্থী ফকীর আবদুল জব্বার বলেন, ‘দলীয় নেত্রী মনোনয়ন দিয়েছেন, ভোটাররাও সাড়া দিচ্ছেন। আশা করছি, নেত্রীর সম্মান রাখতে পারব। বিজয়ী হলে ব্যতিক্রম কিছু করে দেখাতে পারব।’