ঝড় আর শিলাবৃষ্টিতে বেকায়দায় প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের এই ঝড়-বৃষ্টির দিনে প্রচার প্রচারণায় বেশ বেগ পেতে হচ্ছে। শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে প্রচারণামূলক পোস্টারগুলো নষ্ট হওয়ায় প্রার্থীদের খরচও বেড়ে গেছে।
ঝড়-বৃষ্টি থেকে রক্ষা করতে এখানকার প্রার্থীরা আগে থেকেই পোস্টারগুলো পলিথিন মুড়িয়ে টাঙিয়েছিলেন। তারপরও গত শনিবারের ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে প্রার্থীদের টাঙানো দড়ি ও পোস্টার ছিঁড়ে একাকার হয়েছে।
দুপচাঁচিয়ার পাঁচটি ইউনিয়নে গত শুক্রবার (১৩ মে) প্রতীক বরাদ্দের পর থেকেই গ্রামগুলো পোস্টারে ছেয়ে গেছে। প্রত্যেক প্রার্থীই পলিথিন মুড়িয়ে পোস্টার টাঙিয়েছেন। ২৮ মে এখানে ভোট নেওয়া হবে।
গত রোববার উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, শনিবার রাতের কালবৈশাখীতে পথে পথে টাঙানো পলিথিন দিয়ে মোড়া পোস্টারগুলো ছিঁড়ে পড়ে কাদায় নষ্ট হয়েছে।
চামরুল ইউনিয়নের ১০ থেকে ১২ জন ভোটার বলেন, প্রতীক বরাদ্দের পরপরই বেশির ভাগ প্রার্থীর কর্মী-সমর্থকেরা গ্রামে গ্রামে পোস্টার টাঙিয়েছিলেন। কিন্তু শনিবারের ঝড়ে সেসব পোস্টারের দশা বেহাল।
চামরুল ইউপির সদস্য পদপ্রার্থী আবদুল খালেক বলেন, ‘নির্বাচন অফিস থেকে পোস্টারের যে খরচ দেওয়া হয়েছে, এবার তার চেয়ে কয়েক গুণ বেশি খরচ হবে। বৃষ্টির এ মৌসুমে পোস্টার নষ্ট হওয়ার আশঙ্কায় আমরা বেশির ভাগ প্রার্থীই পলিথিন মুড়িয়ে পোস্টার টাঙিয়েছিলাম। কিন্তু লাভ হয়নি। গত শনিবার রাতের ঝড়ে গ্রামে আর কোনো পোস্টারই নেই। তাই পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে।’
জিয়ানগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী কায়সার আলী বলেন, ‘বর্ষার এ মৌসুমে ভোট করা খুব কঠিন। কর্মী-সমর্থকদের নিয়ে বের হলে কখন যে আকাশ খারাপ হয়, তা বোঝা যায় না। গোটা ইউনিয়নে হেঁটে ভোট করা সম্ভব নয়। মোটরসাইকেল নিয়ে বের হয়ে কাদার কারণে সব গ্রামে ঢোকাও যায় না।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, ‘শিডিউল মোতাবেক নির্বাচন তফসিল ঘোষণা দেয় নির্বাচন কমিশন। বর্ষার মৌসুমে ভোট করাটা কষ্টের। এবার যে প্রার্থীদের পোস্টার খরচ বেশি হবে, সেটা প্রায় সব প্রার্থীই আমাকে জানিয়েছেন।’