টক শোতে আইভীর সঙ্গে শামীমের আচরণ অশালীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টক শোতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎআইভীর সঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের আচরণকে অসৌজন্যমূলক, অশালীন ও ন্যক্কারজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছেন নারায়ণগঞ্জের ৬০ জন নাগরিক। গত মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আয়োজনে ওই টক শোতে অংশ নিয়েছিলেন মেয়র আইভী ও সাংসদ শামীম ওসমান।

আজ শনিবার সন্ধ্যায় বিবৃতিতে স্বাক্ষরকারী নাগরিকেরা বলেন, মেয়র আইভী যখন নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ড ও সাত খুনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন, তখন সাংসদ শামীম টক শোতে তাঁর (আইভী) ব্যক্তিগত চরিত্র এবং পরিবার নিয়ে অশালীন ও কাল্পনিক মন্তব্য করে হত্যাকাণ্ডগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। বিবৃতিদাতারা এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সাংসদ শামীমের এই ঔদ্ধত্যপূর্ণ বর্বর আচরণের জবাব জনগণ একদিন অবশ্যই দেবে। ইতিহাসের দায় থেকে তিনি কখনোই মুক্তি পাবেন না।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় খেলাঘর আসরের জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির আবদুর রহমান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের রফিউর রাব্বি, অনন্য সাংস্কৃতিক একাডেমির পল্লবী প্রত্যাশা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হাফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বিমল কান্তি দাস, ওয়ার্কার্স পার্টির হিমাংশু সাহা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, জেলা স্বেচ্ছাসেবক লীগের নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থার সানোয়ার তালুকদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নিখিল দাস প্রমুখ।