বিএনপি বলেছে, বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের ট্রানজিট মাশুল টনপ্রতি ৫৮০ টাকা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। গতকাল শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন। তিনি ধার্য করা মাশুল পুনর্বিবেচনার দাবি জানান। আসাদুজ্জামান বলেন, ‘আমরা ন্যায়সংগত মাশুল চাই।’
বিএনপির মুখপাত্র বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) টনপ্রতি ১ হাজার টাকা মাশুল আদায়ের প্রস্তাব করেছিল। কিন্তু আন্তমন্ত্রণালয়ের সভায় তা অগ্রাহ্য করে ৫৮০ টাকায় আনা হয়েছে। এ সিদ্ধান্ত বাংলাদেশের স্বার্থের বিপক্ষে।
আসাদুজ্জামান বলেন, ‘মাশুল কমাতে ভারতের পক্ষ থেকে কোনো প্রস্তাব বা চাপ ছিল বলে আমাদের জানা নেই। তা ছাড়া, নিশ্চয়ই ভারত সরকার বাংলাদেশকে ঠকিয়ে লাভবান হতে চায় না। আসলে সরকারের নৈতিক ভিত্তি দুর্বল থাকার কারণে তারা ভারতকে খুশি করার জন্য মাশুল ৫৮০ টাকায় নামিয়ে দিয়েছে।’
‘বিএনপি ট্রানজিট বা ট্রানশিপমেন্টের বিরোধী নয়’ উল্লেখ করে দলটির মুখপাত্র বলেন, মাত্র ৫০ কোটি টাকার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যবস্থার ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের জন্য যে সরকার মরিয়া হয়ে উঠেছিল, তারাই কেন দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ট্রানজিটের ন্যায্য মাশুল আদায়ে এতটা আপসকামী, তা জাতি জানতে চায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার প্রমুখ।