বগুড়ার ধুনটে জেলা পরিষদ নির্বাচনের সময় দেওয়া টাকা ফেরত পেতে ভোটারদের বাড়ি বাড়ি ধরনা দিচ্ছেন পরাজিত প্রার্থীরা। টাকা না পেয়ে ভোটারদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। সদস্যপদের একজন পরাজিত প্রার্থী ইতিমধ্যে ১৮ জনের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ফেরত পাওয়ার কথা জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক সদস্য প্রার্থী আট ভোটারের কাছ থেকে ২০ হাজার করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা ফেরত নেন। এ ছাড়া ভোটের আগের দিন মঙ্গলবার সুনামগঞ্জের দোয়ারাবাজারে আড়াই লাখ টাকা; পোস্টার, এজেন্টের ফরমসহ এক ব্যক্তি ধরা পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ ডিসেম্বর) বগুড়া জেলা পরিষদ নির্বাচনের ভোট হয়। নির্বাচনে ধুনট উপজেলার একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ভোটার ছিলেন ১৪৫ জন। তাঁদের মধ্যে ১৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ধুনট উপজেলায় সাধারণ সদস্যের একটি পদের জন্য সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এ এফ এম ফজলুল হক (ক্রিকেট ব্যাট প্রতীক) ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী এস এম মাসুদ রানা (উটপাখি প্রতীক) পেয়েছেন ৪৬ ভোট। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আমান উল্লাহ পেয়েছেন তিন ভোট এবং আরেক প্রার্থী মুনজিল হোসেন পেয়েছেন এক ভোট। এ ছাড়া মাছুদুর রহমান, কাওছার হামিদ, আশরাফুল কবির নামের আওয়ামী লীগের আরও তিনজন ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পরাজিত প্রার্থীদের অভিযোগ, ভোটাররা ভোট দেওয়ার কথা বলে ২০ থেকে ৩০ হাজার টাকা করে নিয়েছেন। কিন্তু তাঁরা ভোট দেননি। তবে ভোটারদের মধ্যে মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শফি, গোপাল নগর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হকসহ কয়েকজন গতকাল শনিবার বলেন, অনেক প্রার্থী জোর করে সম্মানী হিসেবে টাকা দিয়েছেন। ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়নি। এখন তাঁরা ভোটে পরাজিত হয়ে টাকা ফেরতের জন্য বাড়ি বাড়ি আসছেন। মুঠোফোনে হুমকি দিচ্ছেন।
গোপালনগর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, ‘প্রার্থী সাতজন। আমি কাকে ভোট দেব? ভোট দেওয়ার কথা মুখে স্বীকার করলেও সে কথায় কেউ বিশ্বাস করে না। তাই সম্মানী ভাতা হিসেবে নগদ টাকা নেওয়া হয়েছে। এখন তাঁরা ভোটে হেরে গিয়ে আমার বাড়িতে এসে টাকাগুলো ফেরত চাইছেন।’
মথুরাপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সাত্তার বলেন, ‘আমরা কেউ তাঁদের কাছ থেকে টাকা নিতে চাইনি। অনেকে জোর করে আমাদের টাকা দিয়েছেন। এখন ভোটে তাঁরা হেরে গিয়ে টাকা ফেরত চেয়ে মুঠোফোনে হুমকি দিচ্ছেন ও ভয় দেখাচ্ছেন। তাঁদের ভয়ে এলাকায় থাকতে পারছি না।’
সদস্য পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মাছুদুর রহমান গত শুক্রবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘টাকা ফেরত পেতে আমি এখন কালেরপাড়া ইউনিয়নের আড়িকাঠিয়া গ্রামে আছি। আমাকে ৯৬ জন ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ হাজার টাকা করে ৯ লাখ ৬০ হাজার নিয়েছেন। এর মধ্যে ১১ জন আমাকে ভোট দিয়েছেন। বাকি ৮৫ জন আমার সঙ্গে প্রতারণা করেছেন। তাই যাঁরা আমাকে ভোট দেন নাই, তাঁদের চিহ্নিত করে বাড়ি বাড়ি ঘুরছি। এ পর্যন্ত ১৮ জন আমাকে ১০ হাজার করে ১ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিয়েছেন।’
আরেক পরাজিত প্রার্থী কাওছার হামিদ রুবেল গতকাল বলেন, ‘আমি এখনো কারও বাড়ি যাইনি। শুধু মোবাইল ফোনে টাকাগুলি ফেরত চাচ্ছি। কাউকে কোনো হুমকি দেওয়া হয়নি।’