টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা
টাঙ্গাইল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মির্জাপুরের সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কহেলা মুসলিম সমিতির উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন লুৎফর রহমান মল্লিক। এতে প্রধান অতিথি স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন ছাড়াও ঢাকা-২০ আসনের সাবেক সাংসদ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন, মেঘনা ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজের প্রতিষ্ঠাতা আবদুল আলীম খান, উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক, কহেলা মুসলিম সমিতির সভাপতি কে এম আমানুল হক, সাধারণ সম্পাদক মো. নায়েক আলী খান প্রমুখ বক্তৃতা করেন। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।