টাঙ্গাইল জেলা বিএনপির চার নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা বিএনপির চার নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার কেন্দ্রীয় বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়েছে।

সাময়িক বহিষ্কৃত ব্যক্তিরা হলেন জেলা বিএনপির সহসভাপতি আলী ইমাম ও হাসানুজ্জামিল, যুগ্ম সম্পাদক খন্দকার আহমেদুল হক ও সাবেক যুগ্ম সম্পাদক (সাধারণ সদস্য) কাজী শফিকুর রহমান। কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কারের কথা জানানো হয়। এতে তাঁদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ জন্য আগামী সাত দিনের মধ্যে দলের মহাসচিব বরাবর কারণ দর্শাতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মে শামছুল আলমকে সভাপতি এবং ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি শামছুল আলম সাবেক উপমন্ত্রী আবদুস সালাম এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিনের ভাই।

এই কমিটিতে পদবঞ্চিত ব্যক্তিরা অভিযোগ করেন, দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে আবদুস সালামের পরিবারের অনুগত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ব্যক্তিরা আন্দোলন শুরু করেন। বহিষ্কৃত চারজন সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন। ২৩ জুলাই জেলা বিএনপি সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে নবগঠিত কমিটির অনুসারী এবং পদবঞ্চিত ব্যক্তিদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

সাময়িক বহিষ্কৃত সহসভাপতি হাসানুজ্জামিল বলেন, ‘বিএনপিকে একটি পরিবারের পকেট সংগঠনে পরিণত করা হচ্ছে। ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে আমরা এই পকেট কমিটির বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু করেছি তা অব্যাহত থাকবে। এই পকেট কমিটিকে টাঙ্গাইলে দাঁড়াতে দেওয়া হবে না।’

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, সরকারি দলের সঙ্গে আঁতাত করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় যাঁরা লিপ্ত ছিলেন তাঁদের কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। এঁদের স্থান বিএনপিতে আর হবে না।