টাঙ্গাইলে কেন্দ্রীয় যুবদল নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৬ নেতা-কর্মীর নামে মামলা করেছে পুলিশ। আজ সোমবার এ মামলা করা হয়। 

বিএনপির বর্তমান কমিটির নেতা-কর্মী এবং কমিটিতে পদবঞ্চিত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে গতকাল রোববার। টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। মামলায় শুধু বর্তমান কমিটির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। পদবঞ্চিত অংশের কাউকে আসামি করা হয়নি।
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অজ্ঞাত আরও এক শ থেকে দেড় শ জনকে আসামি করা হয়েছে। টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিনের নির্দেশে তাঁর ভাই জেলা বিএনপির সভাপতি শামছুল আলম ওরফে তোফা, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে গত রোববার সকাল ১০টার দিকে ১০০-১৫০ নেতা-কর্মী প্রেসক্লাবের মিলনায়তনে সমবেত হন। তাঁরা টাঙ্গাইল শহরে কৃত্রিম সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা এবং ইটপাটকেল নিয়ে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিজেদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াসহ ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।
গ্রেপ্তার হওয়া আট বিএনপি কর্মীকে আজ টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন।
এ মামলা প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি শামছুল আলম বলেন, ‘সরকারি দলের সঙ্গে আঁতাত করে পদবঞ্চিত ব্যক্তিরা জেলা বিএনপির কর্মী সংগ্রহ কর্মসূচিতে প্রশাসনের সহায়তায় হামলা করেছিল। হামলাকারী আলাল নামের একজনকে পুলিশ আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেয়।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করার জন্য সরকারি দল ও প্রশাসন দলের পদবঞ্চিত একটি অংশকে ব্যবহার করে এ হামলা ও মামলা সাজিয়েছে।’
এদিকে পদবঞ্চিত অংশের নেতা এবং কমিটি থেকে পদত্যাগী সহসভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, ‘কমিটি গঠনে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাই তাঁরা রোববার সদস্য সংগ্রহ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ জানাতে যাচ্ছিলেন। এ সময় বর্তমান কমিটির নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। হামলা ভাঙচুর যাঁরা করেছেন, মামলা তাঁদের বিরুদ্ধে হবে, এটাই স্বাভাবিক।’
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভুঁইয়া বলেন, ‘যাঁদের ভাঙচুর করতে দেখা গেছে, তাঁদের বিরুদ্ধেই মামলা হয়েছে। কে কোন পক্ষ, তা বিবেচনায় নেওয়া হয়নি।’
গত ২৬ মে শামছুল আলমকে সভাপতি ও ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপি কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। শামছুল আলম সাবেক উপমন্ত্রী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি আবদুস সালাম পিন্টু এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ভাই। বিদ্রোহী পক্ষের অভিযোগ, সুলতান সালাউদ্দিন কেন্দ্রে প্রভাব বিস্তার করে তাঁর ভাইকে সভাপতি করেছেন ও তাঁদের অনুসারীদের কমিটিতে স্থান দিয়েছেন। পরে গত জুন মাসের প্রথম সপ্তাহে এই কমিটি বাতিলের দাবিতে চারজন কমিটি থেকে পদত্যাগ করেন। বাতিল না হওয়া পর্যন্ত এই কমিটি যে কর্মসূচি নেবে, তা প্রতিহত করার ঘোষণা দেয়।