টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় আ.লীগ প্রার্থী মেয়র নির্বাচিত

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবদুর রহিম আহমেদ ৪ হাজার ৭৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাসাইল পৌরসভার নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম শনিবার নির্বাচন শেষে রাতে এই ফলাফল ঘোষণা করেন।
আবদুর রহিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে বহিষ্কৃত এনামুল করিম ওরফে অটল পেয়েছেন ৩ হাজার ৯৪৫ ভোট এবং কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী গামছা প্রতীকে রাহাত হাসান ওরফে টিপু পেয়েছেন ৩ হাজার ৭৯৬ ভোট।
বাসাইল পৌরসভায় ১৬ হাজার ৪০০ ভোটের মধ্যে ১২ হাজার ৮৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। ভোট প্রদানের হার ৭৮ দশমিক ৭৪ ভাগ।
আজ সকাল থেকে পৌরসভার ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দলের উপজেলা শাখার সদস্য আবদুর রহিম আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী দলের উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল করিম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি নির্বাচন থেকে তাদের প্রার্থী এনামুলকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী রাহাত হাসানকে সমর্থন দেয়। কিন্তু এনামুল দলীয় এই সিদ্ধান্ত মেনে না নিয়ে নির্বাচনে থেকে যান। এ জন্য শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনামুলকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
শনিবার সারা দিন শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও বেলা তিনটার দিকে গোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং ব্রাহ্মণপাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট কারচুপির অভিযোগ এনেছেন কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী রাহাত হাসান ও ধানের শীষের প্রার্থী এনামুল করিম। তাঁরা উভয়েই বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মীরা ওই কেন্দ্র দুটিতে ঢুকে জাল ভোট দিয়েছেন। তবে আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহিম আহমেদ এ অভিযোগ অস্বীকার করেছেন।