টিআইবির কর্মকর্তাদের রাজনীতিতে আমন্ত্রণ জানিয়েছেন রওশন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তাদের রাজনীতিতে আসার আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনা অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানকে উদ্দেশ করে তিনি এ আমন্ত্রণ জানান।
২০১৫-১৬ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনার জন্য বিরোধী দল এই সভার আয়োজন করে। বাজেট বিষয়ে নিজেদের সুপারিশ উত্থাপনের জন্য টিআইবিকে আমন্ত্রণ জানানো হয়।
আলোচনার শেষ পর্যায়ে রওশন এরশাদ বলেন, ‘টিআইবি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। জাতীয় পার্টিও তাই করছে। সে জন্য আমরা আপনাদের রাজনীতিতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চাই আপনাদের মতো মানুষ নির্বাচিত হয়ে সংসদে আসুক। সংসদে এলে আপনাদের দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার কাজ আরও সহজ হবে।’
আলোচনা শেষে ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, সংসদে কার্যকর বিরোধী দল নেই। তারা আত্মপরিচয়ের সংকটে ভুগছে। এই সংকট কাটিয়ে ওঠার দায়িত্ব তাদের। তবে বাজেটের ওপর বিষয়ভিত্তিক আলোচনা এবং সরকারের খারাপ কাজের সমালোচনার মাধ্যমে সত্যিকারের বিরোধী দলের মর্যাদা অর্জন করা সম্ভব। রওশন এরশাদের আমন্ত্রণ সম্পর্কে ইফতেখারুজ্জামান বলেন, ‘আসলে সব কাজ সবাইকে দিয়ে হয় না।’
টিআইবির পক্ষ থেকে সরকারের সব ধরনের কেনাকাটা, কর আদায় ও প্রকল্প বাস্তবায়ন-সম্পর্কিত তথ্য অনলাইনভিত্তিক করা, প্রতিরক্ষাসহ সব খাতের তথ্য প্রকাশ, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সব সদস্য, সব বিচারপতি ও সরকারি কর্মকর্তার সম্পদের হিসাব প্রকাশ, নিরীক্ষা আইন প্রণয়ন এবং থোক বরাদ্দকে নিরুৎসাহিত করাসহ ১১ দফা সুপারিশ করা হয়।
আলোচনায় বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জাপার সাংসদ শওকত চৌধুরী, ফখরুল ইমাম, এ বি এম রুহুল আমিন হাওলাদার, নূরুল ইসলাম ওমর, সালাহউদ্দিন আহম্মেদ, মামুনুর রশিদ, টিআইবির এস এম রেজওয়ান-উল-আলম প্রমুখ অংশ নেন।