টিআইবির প্রতিবেদন পোশাকশিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ: হাছান মাহমুদ
পোশাক খাত নিয়ে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে তারই অংশ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, যে চক্রটি আমাদের সর্বোচ্চ রপ্তানি আয়ের এ খাতকে ধ্বংস করতে চায় তাদের যোগসাজশেই টিআইবি এ প্রতিবেদনটি করেছে।
আজ সোমবার শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে জাতীয় চার নেতার অন্যতম সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় হাছান মাহমুদ এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এ সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
টিআইবির কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, টিআইবি হলো সুশীল সংগঠনের ছদ্মাবরণে এমন একটি সংগঠন যারা সব সময়ই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রার প্রায় ৮০ শতাংশ আসে পোশাকশিল্প খাত থেকে। আন্তর্জাতিক বাজারে নানা ধরনের বাধা এমনকি যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা উঠিয়ে নেওয়া সত্ত্বেও এ খাত থেকে আমাদের সর্বোচ্চ আয় হয়ে থাকে। তাই পোশাকশিল্পকে বাংলাদেশ থেকে অন্যত্র সরিয়ে নিতে, দেশের অর্থনীতিকে ধ্বংসের জন্যই ষড়যন্ত্রকারীদের যোগসাজশে টিআইবি এ রিপোর্ট তৈরি করেছে।
এ সময় সরকারের প্রতি অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, যারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা গ্রহণ করা হয়।
আওয়ামী লীগের এ নেতা তাঁর বক্তব্যে আরও বলেন, কাগজে দেখলাম আসল ও নকল বিএনপির মধ্যে নাকি মারামারি হয়েছে কার্যালয় দখল করা নিয়ে। তারা আসল নকল নিয়ে মারামারি করে নিরীহ মানুষের গাড়িতে আগুন দিয়েছে। এ ধরনের ব্যক্তি ও সংগঠনের কাছে দেশের রাজনীতি ও জনগণ নিরাপদ নয়। এরা দেশের শত্রু, দশের শত্রু।
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, অধ্যাপক এম এ মান্নান, আওয়ামী লীগ নেতা এম এ করিম, মিনহাজুল ইসলাম মিন্টু প্রমুখ।