টিকা কূটনীতিতে সাফল্য পাচ্ছে না সরকার: জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আন্তর্জাতিক টিকা কূটনীতিতে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দ্বিতীয় ডোজ টিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাপার চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এ কথা বলেন।
জি এম কাদের বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিদিন টিকা পাওয়ার ব্যাপারে আশার বাণী শোনানো হচ্ছে। কিন্তু দৃশ্যমান কোনো সাফল্য নেই। পররাষ্ট্রমন্ত্রী নিজেই গতকাল বৃহস্পতিবার বলেছেন, অনেক দেশ টিকা দিতে সম্মত হয়েছে, কিন্তু কবে দেবে, তা কেউ বলতে পারছে না। তাই টিকা নিয়ে সরকারি আশ্বাসে সাধারণ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছেন।
জাপার চেয়ারম্যান কাদের বলেন, সাধারণ মানুষের অভিযোগ, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে টিকা আমদানির কারণেই টিকা পাওয়ার বিকল্প উৎস রাখা হয়নি। এতে একটি কোম্পানি টিকা আমদানি করে বেশ কয়েক কোটি টাকা আয় করেছে বলে জানা গেছে। কিন্তু চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যায়নি। আবার বিকল্প কোনো উৎস না থাকায় টিকা প্রয়োগের স্বাভাবিক কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যে যাঁরা অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, এমন প্রায় ১৫ লাখ মানুষ আদৌ দ্বিতীয় ডোজ টিকা পাবে কি না, এখনো স্পষ্ট নয়।
বিবৃতিতে জি এম কাদের আরও বলেন, সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশের কোটি কোটি মানুষের টিকা পাওয়া আটকা পড়েছে। এখন সরকারিভাবে কত দ্রুত করোনার টিকা দেওয়া হবে, দেশের মানুষ সেদিকেই তাকিয়ে আছেন।