টিকার জন্য লাইনে রাত কাটানোর সংবাদ লজ্জার: জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, টিকার জন্য শত শত মানুষ লাইনে বসে রাত কাটিয়েছেন, এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না।
আজ বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘গণটিকা কর্মসূচি সফল করে সারা বিশ্ব যখন সবকিছু স্বাভাবিক করে ফেলছে, তখন আমাদের দেশে শত শত মানুষ এক ডোজ টিকার জন্য সারা রাত লাইনে বসে রাত কাটিয়েছেন। বিশেষ করে বয়োবৃদ্ধরা সীমাহীন ভোগান্তিতে রাত কাটিয়েছেন এক ডোজ টিকার আশায়। কারণ, কয়েক দিন ধরে তাঁরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেও টিকা পাননি। বিশ্বে এমন দুঃখজনক ঘটনা নজিরবিহীন। এর চেয়ে লজ্জাজনক সংবাদ আর হতে পারে না।’
টিকা নিয়ে সরকারের মন্ত্রীদের নানা রকম বক্তব্যেরও সমালোচনা করেন সংসদে বিরোধীদলীয় উপনেতা। তিনি বলেন, টিকা নিয়ে একেক মন্ত্রী একেক ধরনের কথা বলছেন। মন্ত্রীদের কথা এখন আর মানুষ জানতে চায় না। তাদের বক্তব্যে দেশের মানুষ সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। বাস্তবতা হলো, সরকার যা করতে বলছে, দেশের মানুষ এখন আর তা করতে আগ্রহবোধ করছেন না।
জি এম কাদের বলেন, জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা নিশ্চিত করতে খুব বেশি টাকা প্রয়োজন হয় না। আমরা দেড় বছর ধরে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে সরকারকে বলছি, কিন্তু সরকার কিছুই করছে না।
দেশের মানুষের জন্য ভালোবাসা থাকলে অবশ্যই চিকিৎসা ব্যবস্থা উন্নত করা হতো। তিনি বলেন, ‘জাতীয় পার্টি সব সময় প্রতিটি দুর্যোগে সরকারকে সহায়তা দিয়ে আসছে। আমরা করোনাকালে সরকারকে সহায়তা করতে প্রস্তুত আছি।’
জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, আমেরিকা ও ভারত শুধু টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণে এনেছে। আমাদের যেখানে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে, সেখানে মাত্র ৩ ভাগ মানুষ করোনার টিকা পেয়েছে। সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে তামাশা করছে।
জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদসহ প্রয়াত নেতা-কর্মীদের মাগফিরাত কামনায় জাতীয় ওলামা পার্টি স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। স্মরণসভায় আরও বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর, শামীম হায়দার পাটোয়ারী। সভা সঞ্চালনা করেন জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।