টিভিতে বিএনপির বিজ্ঞাপন প্রচারে বাধার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, পৌর নির্বাচনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি একটি বিজ্ঞাপন প্রচার করতে চেয়েছিল, কিন্তু সরকারের পরোক্ষ চাপের কারণে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো সেই বিজ্ঞাপনটি প্রচারে রাজি হয়নি।
গতকাল সোমবার গুলশানে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এ অভিযোগ করেন। এর আগে সকালে কৃষক দলের আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুমোদন থাকার পরও বিএনপির বিজ্ঞাপনটি বেসরকারি চ্যানেলগুলো প্রচারে সাহস করছে না।
পরে যোগাযোগ করা হলে মির্জা ফখরুল প্রথম আলোকে বলেন, বিজ্ঞাপনটি নিয়ে তিনি নিজে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর, এনটিভি ও বৈশাখীর সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া দলের পক্ষ থেকে বাংলাভিশন, চ্যানেল টোয়েন্টিফোর, চ্যানেল আই, যমুনাসহ প্রায় সব টেলিভিশনের সঙ্গে যোগাযোগ করা হয়। মির্জা ফখরুল বলেন, টেলিভিশনগুলোর পক্ষ থেকে তাঁদের বলা হয়েছে, তাদের ওপর চাপ আছে। তারা বিজ্ঞাপনটি প্রচার করতে পারবে না।
বিজ্ঞাপনের বিষয়ে কয়েকটি টেলিভিশন চ্যানেলে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিএনপির এই অভিযোগ তথ্যভিত্তিক নয়। শুধু সরকারের বিরুদ্ধে অভিযোগ করতেই তাঁরা এ কথা বলেছেন। তাঁরা এটি প্রমাণ করতে পারবেন না।
বিভিন্ন সময়ে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন টিভি চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করলেও গতকাল তা সরাসরি প্রচার করা হয়নি। একাধিক চ্যানেল সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিয়ে গেলেও তারা তা করেনি। বিষয়টি সম্পর্কে চ্যানেলগুলোর পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করতে চাননি।